স্কোর: বাংলাদেশ ১৭৫/৪ (লিড ২২১)
নাজমুল হোসেন শান্ত আউট হওয়ার পর মুশফিকুর ও লিটন জুটি বাঁধেন। জুটির পঞ্চাশ রানে তারা এগিয়ে নিচ্ছেন দলের রান। এরই মধ্যে দলের লিড ২০০ ছাড়িয়ে গেছে। এই প্রতিবেদন লিখা পর্যন্ত তাদের জুটিতে এসেছে ৬০ রান।
দুইশ ছাড়িয়ে বাংলাদেশের লিড
প্রথম ঘণ্টায় ১৩ ওভারে ৪০ রান তুলেছে বাংলাদেশ।
নাজমুল হোসেন শান্তর উইকেট হারালেও লিটন ও মুশফিকরের ব্যাটে প্রতিরোধ পায় বাংলাদেশ। দ্বিতীয় ঘণ্টার শুরুতে বাংলাদেশের লিড দুইশ ছাড়িয়েছে। দ্বিতীয় ইনিংসের রান দেড়শ ছাড়িয়েছে। জমাট ব্যাটিংয়ে দুজনই বড় আশা দেখাচ্ছেন। তাদের ব্যাট হাসলে হাসবে বাংলাদেশও।
হাল ছেড়ে দিলেন অধিনায়ক শান্ত
ইনফর্ম ব্যাটসম্যান নাজমুল হোসেন শান্ত দ্বিতীয় ইনিংসেও রানের দেখা পেলেন না। প্রথম ইনিংসে ২৯ রান করা শান্ত এবার থামলেন ১৫ রানে। পেসার খুররাম শাহজাদের ভেতরে ঢোকানো বলে এলবিডব্লিউ হয়ে সকালেই বিদায় নিলেন বাংলাদেশের অধিনায়ক।
বাংলাদেশ হারাল চতুর্থ উইকেট। আম্পায়ারের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে রিভিউ নিয়েছিলেন। কিন্তু তা কাজে আসেনি।
উইকেটে মুশফিকুর রহিমের নতুন সঙ্গী প্রথম ইনিংসে সেঞ্চুরি পাওয়া লিটন দাস।
রোদের ঝিলিকে আজ ব্যাটিংয়েও থাকুক ঝলক
ঝলমলে রোদ, সবুজ মাঠ। আর ব্যাট হাতে নতুন স্বপ্ন।
বাংলাদেশের দ্বিতীয় ইনিংসের ওপর নির্ভর করছে সিলেট টেস্টের ভাগ্য। ঝলমলে রোদ সোমবার তৃতীয় দিনের সকালকে স্বাগত জানিয়েছে। মৃদু বাতাস ছড়িয়ে যাচ্ছে স্টেডিয়ামের পাশ দিয়ে। লাল বল, সাদা পোশাকের ক্রিকেটের জন্য আদর্শ এক কন্ডিশন।
আগের দিনের শেষ ওভারে মুমিনুল হক আউটা বাংলাদেশ শিবিরে কষ্ট বাড়িয়েছে। সেই কষ্ট আজ তৃতীয় দিন ভুলিয়ে দিতে পারেন ব্যাটসম্যানরাই।
পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের এখন পর্যন্ত লিড ১৫৬ রানের। ৩ উইকেটে ১১০ রানে সোমবার তৃতীয় দিনের খেলা শুরু করেছেন মুশফিকুর রহিম ও নাজমুল হোসেন শান্ত। এরপর ব্যাটিংয়ে আসবেন লিটন দাস ও মেহেদী হাসান মিরাজ। আজ সারাদিন তো বটেই, আগামীকালও অন্তত দুইটি সেশনে ব্যাটিং করার পরিকল্পনা বাংলাদেশের।
পাঁচশর কাছাকাছি লক্ষ্য দিয়ে পাকিস্তানকে চতুর্থ ইনিংসে ম্যাচ বাঁচানোর চ্যালেঞ্জ দেবে বাংলাদেশ। ১-০ ব্যবধানে এগিয়ে থাকা বাংলাদেশ ঢাকার পর সিলেটেও বিজয় তিলক পড়ার অপেক্ষা।
শুধু নিজেদের ব্যাটিং কিংবা প্রতিপক্ষের বোলিং নিয়ে চিন্তা করলে হবে না বাংলাদেশকে, বৃষ্টির কথাও মাথায় রাখতে হবে। বৃষ্টিতে কোনো সেশনের খেলাা কিংবা কিছু ওভার পণ্ড হলে বাংলাদেশের পরিকল্পনাও বদলাতে হবে।