ঢাকার যাত্রাবাড়ীতে গাড়ির ধাক্কায় মোহাম্মদ মনির হোসেন (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি পেশায় স্যানিটারি মিস্ত্রি ছিলেন।
রবিবার (১৭ মে) রাত পৌনে ১২টার দিকে যাত্রাবাড়ীর আসমানী পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক রাত দেড়টার দিকে মৃত ঘোষণা করেন।
নিহত মনির হোসেনের বাড়ি চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার রুস্তমপুর গ্রামে। তার বাবার নাম কাজি হাসান। বর্তমানে তিনি ডেমরার ডগাইর পশ্চিমপাড়া এলাকায় ভাড়া বাসায় থাকতেন।
নিহতের বড় ভাই মাইনুদ্দিন আহমেদ জানান, মনির হোসেন রাতে কর্মস্থল থেকে কাজ শেষে বাসায় ফেরার জন্য যাত্রাবাড়ীর আসমানী পাম্পের সামনে রাস্তার পাশে বাসের অপেক্ষায় ছিলেন। এ সময় একটি দ্রুতগামী গাড়ি তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। পরে পুলিশের মাধ্যমে খবর পেয়ে তাকে ঢাকা মেডিকেলে নেওয়া হয়।
ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোহাম্মদ ফারুক বলেন, “মরদেহ ময়নাতদন্তের ঢামেক মর্গে রাখা হয়েছে।”