বগুড়ায় এক তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে তিন যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
রবিবার (১৭ মে) রাতে শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এর আগে, একই রাতে শহরের ফুলবাড়ী দক্ষিণপাড়া এলাকায় ঘটনাটি ঘটে।
সোমবার (১৮ মে) সকালে আসামি গ্রেপ্তারের তথ্য জানিয়েছেন বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) ইব্রাহীম আলী।
গ্রেপ্তাররা হলেন- বগুড়া সদর উপজেলার ফুলবাড়ী দক্ষিণ হাজীপাড়া এলাকার রায়হানের ছেলে কাওছার (১৯), ফুলবাড়ী দক্ষিণপাড়া এলাকার মৃত হাতেম আলী পাইকারের ছেলে বাধন (১৯) এবং উত্তর কাটনারপাড়া এলাকার গোলাম রব্বানীর ছেলে রকি (১৯)।
মামলার এজাহার সূত্রে জানা যায়, তরুণীর সঙ্গে অভিযুক্তদের পূর্ব পরিচয় ও বন্ধুত্ব ছিল। রবিবার রাত ৮টার দিকে তরুণী শহরের পুলিশ প্লাজার সপ্তম তলায় অবস্থিত ‘লাক জোন’ নামে একটি দোকানে যান। সেখানে অভিযুক্ত কাওছার, বাধন ও সাদিকসহ আরো একজন উপস্থিত ছিলেন। পরে তারা মদ্যপানের পরিকল্পনা করে রাত সাড়ে ৯টার দিকে শহরের একটি হোটেল থেকে মদ সংগ্রহ করেন। রাত ১০টা ১৫ মিনিটের দিকে ফুলবাড়ী দক্ষিণপাড়া ঈদগাহ মাঠসংলগ্ন শ্মশানঘাট সড়কের পাশে একটি নির্মাণাধীন পুরোনো ভবনে যান তারা। সেখানে রকি নামে আরো একজন যোগ দেন।
ভুক্তভোগীর অভিযোগ, মদ্যপানের একপর্যায়ে অভিযুক্তরা পালাক্রমে তাকে ধর্ষণ করে। পরে অভিযুক্ত বাধন তাকে নিয়ে বিগ বাজার এলাকায় পৌঁছালে ওই তরুণী চিৎকার করে স্থানীয়দের সহায়তা চান। এ সময় বাধন পালিয়ে যান। পরে ফুলবাড়ি পুলিশ ফাঁড়ির এসআই আনাহার হোসেন ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে ভুক্তভোগীকে উদ্ধার করেন এবং চিকিৎসার ব্যবস্থা করেন।
বগুড়া সদর থানার ওসি ইব্রাহীম আলী বলেন, “ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে মামলা নেওয়া হয়েছে। রাতেই তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান চলছে। আসামিদের আজ সোমবার আদালতে পাঠানো হবে।”