শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে ২৫ মে থেকে ১ জুন পর্যন্ত সাত দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।
সোমবার (১৮ মে) রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত যৌথ সভা শেষে সংবাদ সম্মেলনে এ কথা জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
তিনি জানান, ৩০ মে সকাল ৬টায় নয়াপল্টনে দলীয় কার্যালয়সহ সারা দেশে দলীয় পতাকা অর্ধনমিত রাখা হবে। সকাল ১১টায় দলের নেতাকর্মীরা জিয়াউর রহমানের মাজার জিয়ারত করবেন। এতে বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান উপস্থিত থাকবেন বলেও জানান তিনি।
৩১ মে দুপুর ২টায় রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। কর্মসূচির অংশ হিসেবে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির উদ্যোগে দুস্থদের মাঝে কাপড় ও চাল বিতরণ করা হবে। একই ধরনের কর্মসূচি সারা দেশেও পালিত হবে।
রিজভী জানান, বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনও পৃথক কর্মসূচি পালন করবে। এর মধ্যে ওলামা দল, জাসাস, মুক্তিযোদ্ধা দল ও ছাত্রদল মিলাদ মাহফিলের আয়োজন করবে। যুবদল ১০টি বিভাগে আলোচনা সভা করবে। স্বেচ্ছাসেবক দল, কৃষক দল ও শ্রমিক দলও আলোচনা সভার আয়োজন করবে।
তিনি নেতাকর্মীদের উদ্দেশে কড়া নির্দেশনা দিয়ে বলেন, জনদুর্ভোগ সৃষ্টি করে কোনো আয়োজন করা যাবে না। রাস্তা আটকিয়ে সভা-সমাবেশ না করে খোলা জায়গায় কর্মসূচি পালনের নির্দেশনা দেওয়া হয়েছে।