ইরানে হামলা চালাতে ইসরায়েলি সামরিক বাহিনী ইরাকের পশ্চিম মরুভূমিতে দুটি গোপন ঘাঁটি পরিচালনা করেছিল বলে দাবি করেছে মার্কিন সংবাদমাধ্যম নিউ ইয়র্ক টাইমস। খবর আল-জাজিরার।
সোমবার (১৮ মে) নিউ ইয়র্ক টাইমস এক প্রতিবেদনে জানায়, আল-নুখাইব শহরের কাছে অবস্থিত একটি ঘাঁটির অস্তিত্ব গোপন রাখার উদ্দেশ্যে ইসরাইলি বাহিনী একজন ইরাকি মেষপালক ও একজন সেনা সদস্যকে হত্যা করে।
নিহত ওই ইরাকি মেষপালকের নাম আওয়াদ আল-শামারি (২৯) বলে শনাক্ত করেছে সংবাদমাধ্যমটি।
আঞ্চলিক কর্মকর্তাদের বরাত দিয়ে নিউ ইয়র্ক টাইমস জানায়, এই সামরিক ঘাঁটিটি ইরান ও মার্কিন-ইসরায়েলের মধ্যকার বর্তমান যুদ্ধ শুরু হওয়ার আগে থেকেই সেখানে ছিল। গত বছরের জুনে ইরানের বিরুদ্ধে চলা ১২ দিনের যুদ্ধের সময় এটি সক্রিয়ভাবে ব্যবহৃত হয়েছিল। ইসরায়েল এই ঘাঁটিটিকে তাদের বিমান বাহিনীর ‘আকাশপথের সহায়তা, জ্বালানি রিফুয়েলিং ও জরুরি চিকিৎসাসেবা প্রদানের’ কাজে ব্যবহার করত।
নিউ ইয়র্ক টাইমস আরো জানায় যে, যুক্তরাষ্ট্র এই ইসরায়েলি ঘাঁটির ব্যাপারে জানত। যার অর্থ দাঁড়ায়, ওয়াশিংটন সম্ভবত ‘ইরাকের মাটিতে যে শত্রুবাহিনী অবস্থান করছে- এই সত্যটি ইরাকের কাছ থেকে গোপন রেখেছিল’।
সংবাদমাধ্যমটির তথ্যমতে, এই ঘাঁটিটি এর আগে গণমাধ্যমে আসা অন্য একটি ইসরায়েলি ঘাঁটি থেকে সম্পূর্ণ আলাদা। কিছুদিন আগে ‘দ্য ওয়াল স্ট্রিট জার্নাল’ তাদের এক প্রতিবেদনে জানিয়েছিল, চলতি বছরের ফেব্রুয়ারির শেষের দিকে ইরান বিরোধী সামরিক অভিযান শুরু করার ঠিক আগে ইরাকে একটি গোপন ঘাঁটিটি তৈরি করেছিল ইসরায়েল। এই ঘাঁটিটি ইসরায়েলের বিশেষ বাহিনীর বাসস্থান ও বিমান বাহিনীর লজিস্টিক হাব হিসেবে ব্যবহৃত হতো।
আল-জাজিরা বলছে, নিউ ইয়র্ক টাইমসের এই প্রতিবেদনের বিষয়ে ইরাকের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি।
তবে এর আগে গত রবিবার ইরাকের সশস্ত্র বাহিনীর কমান্ডারের মুখপাত্র সাবাহ আল-নুমান একটি বিবৃতি দেন। সেখানে তিনি দৃঢ়তার সঙ্গে জানান, ইরাক তার সার্বভৌমত্ব রক্ষায় বদ্ধপরিকর এবং অন্য কোনো দেশের ওপর হামলা চালানোর জন্য নিজের ভূখণ্ডকে ঘাঁটি হিসেবে ব্যবহার করতে দেবে না।