বগুড়ার শিবগঞ্জের মোকামতলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রকাশ্যে ছুরিকাঘাতে দুই যুবককে হত্যা করা হয়েছে। সোমবার (১৮ মে) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার লক্ষীপুর গ্রামে হত্যাকাণ্ডটি ঘটে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে আহাদ মন্ডল (২১) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
নিহতরা হলেন- জামিল উদ্দিনের ছেলে ইয়াছিন আলী (৩০) এবং তোফাজ্জল হোসেনের ছেলে সুমন মোল্লা (৩৫)। তারা লক্ষীপুর গ্রামের বাসিন্দা এবং সম্পর্কে চাচাতো ভাই।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, দীর্ঘদিন ধরে জামিল, তোফাজ্জল ও রেজাউল করিম এই তিন ভাইয়ের মধ্যে তিন শতক জায়গা নিয়ে বিরোধ চলছে। এরই জেরে সোমবার সকালে রেজাউল করিম ও তার দুই সন্তানের সঙ্গে ইয়াছিন আলী ও সুমন মোল্লার ঝগড়া হয়। এক পর্যায়ে তাদের মধ্যে মারামারি শুরু হলে রেজাউল ও তার সন্তানরা কাছে থাকা ছুরি দিয়ে ইয়াছিন আলী ও সুমন মোল্লাকে আঘাত করেন। ঘটনাস্থলেই ইয়াছিন আলীর মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় সুমন মোল্লাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।
শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহীনুজ্জামান বলেন, “ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তার কাছ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরি উদ্ধার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।”