সারা বাংলা

ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারে অসুস্থ হাজতির মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারে মরণ মিয়া (৪০) নামে এক হাজতি অসুস্থ হয়ে মারা গেছেন।

সোমবার (১৮ মে) সকালে কারাগারে অসুস্থ হয়ে পড়লে তাকে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

মরণ মিয়া ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার ধরমন্ডল ইউনিয়নের ধরমন্ডল গ্রামের বায়েজিদ মিয়ার ছেলে। গত ৯ মে ইয়াবা সেবন মামলায় সাজাপ্রাপ্ত হয়ে ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারে আসেন তিনি।

কারাগার ও হাসপাতাল সূত্রে জানা গেছে, সকালে কারাগারে নাস্তা করার সময় অসুস্থ হয়ে পড়েন মরণ মিয়া। এ সময় কারাগারের চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা দেন। অবস্থার অবনতি হলে তাকে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারের জেল সুপার মো. মজিবুর রহমান মজুমদার বলেন, “মরদেহ জেলা সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।”