অর্থনীতি

ঈদে টানা ৭ দিন ব্যাংক বন্ধ, পোশাকশিল্প এলাকায় চলবে সীমিত ব্যাংকিং

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত টানা সাত দিন দেশের সব তফসিলি ব্যাংক বন্ধ থাকবে। তবে, তৈরি পোশাকশিল্প এলাকায় বেতন-ভাতা পরিশোধ ও আমদানি-রপ্তানি কার্যক্রম সচল রাখতে সীমিত পরিসরে ব্যাংকিং সেবা চালু থাকবে।

সোমবার (১৮ মে) বাংলাদেশ ব্যাংকের সুপারভাইজরি ডেটা ম্যানেজমেন্ট অ্যান্ড অ্যানালিটিকস ডিপার্টমেন্ট থেকে এ সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়।

নির্দেশনায় বলা হয়েছে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের ঘোষণার আলোকে আগামী ২৩ মে শনিবার ও ২৪ মে রবিবার ব্যাংকের সব শাখা ও উপশাখা স্বাভাবিক সময়সূচি অনুযায়ী খোলা থাকবে। এরপর ২৫ মে সোমবার থেকে ৩১ মে রবিবার পর্যন্ত ব্যাংক বন্ধ থাকবে।

তবে, ঈদের আগে পোশাকশিল্পের শ্রমিক-কর্মচারীদের বেতন, বোনাস ও অন্যান্য ভাতা পরিশোধ এবং আমদানি-রপ্তানি কার্যক্রম সচল রাখতে ২৫ ও ২৬ মে কিছু এলাকায় সীমিত ব্যাংকিং সেবা চালু থাকবে। এই দুই দিন ঢাকা মহানগরী, আশুলিয়া, টঙ্গী, গাজীপুর, সাভার, ভালুকা, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামের পোশাকশিল্প সংশ্লিষ্ট এলাকার বাণিজ্যিক ব্যাংকের শাখাগুলো সকাল ১০টা থেকে বেলা ৩টা পর্যন্ত খোলা থাকবে। তবে গ্রাহক লেনদেন চলবে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত। সীমিত সংখ্যক কর্মকর্তা-কর্মচারীর মাধ্যমে এসব কার্যক্রম পরিচালনা করা হবে।

এছাড়া সমুদ্র, স্থল ও বিমানবন্দর (পোর্ট ও কাস্টমস এলাকা) সংলগ্ন ব্যাংকের শাখা, উপশাখা ও বুথগুলো ঈদের দিন ছাড়া ২৫ থেকে ৩১ মে পর্যন্ত আমদানি-রপ্তানি কার্যক্রম চালু রাখবে। এ ক্ষেত্রে স্থানীয় প্রশাসন ও বন্দর-কাস্টমস কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ব্যাংকগুলোকে নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

নির্দেশনায় আরো বলা হয়েছে, ছুটির দিনে দায়িত্ব পালনকারী কর্মকর্তা-কর্মচারীরা বিধি অনুযায়ী ভাতা পাবেন।