ক্যাম্পাস

ঢাবির ঢাবিতে ‘মনজুর মোরশেদ ট্রাস্ট’ বৃত্তি পেলেন ১০ শিক্ষার্থী

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ভাষাবিজ্ঞান বিভাগের বিভিন্ন বর্ষের সেমিস্টার ফাইনাল পরীক্ষায় সর্বোচ্চ সিজিপিএ অর্জনকারী ১০ শিক্ষার্থীকে ‘অধ্যাপক ড. আবুল কালাম মনজুর মোরশেদ ট্রাস্ট ফান্ড’ বৃত্তি প্রদান করা হয়েছে।

সোমবার (১৮ মে) ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর সি মজুমদার আর্টস অডিটোরিয়ামে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক এ বি এম ওবায়দুল ইসলাম শিক্ষার্থীদের হাতে এ বৃত্তির চেক তুলে দেওয়া হয়।

এবারের সেমিস্টার ফাইনাল পরীক্ষায় অনন্য মেধার স্বাক্ষর রেখে মর্যাদাপূর্ণ এ বৃত্তি অর্জন করেছেন রিয়া আক্তার, মো. আলামীন মিয়া, বন্যা বসু, মো. মহিবুল্লাহ, মোছা. শরিফা আক্তার, আলফি শাহরিন বুশরা, মোছা. রিয়া আক্তার, জান্নাতুল ফেরদৌস মীম, হাসনাদাদ খান স্বচ্ছ এবং আসমা আক্তার।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ এবং ট্রাস্ট ফান্ডের চেয়ারম্যান অধ্যাপক এম. জাহাঙ্গীর আলম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে ‘অধ্যাপক ড. আবুল কালাম মনজুর মোরশেদ: স্মৃতি সত্তায় অনন্ত’ শীর্ষক স্মারক বক্তৃতা প্রদান করেন আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের পরিচালক ও ভাষাবিজ্ঞান বিভাগের অধ্যাপক মুহাম্মদ আসাদুজ্জামান।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক এ বি এম ওবায়দুল ইসলাম প্রয়াত অধ্যাপক আবুল কালাম মনজুর মোরশেদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান। তিনি বলেন, “অধ্যাপক মোরশেদ তার কাজের মাধ্যমে চিরকাল সবার মাঝে বেঁচে থাকবেন। তিনি ছিলেন একাধারে সমাজচিন্তক, গবেষক এবং সর্বোপরি একজন খাঁটি পণ্ডিত, যার বিনয়ী আচরণ সকলের জন্য অনুকরণীয়।”

বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে উপাচার্য আরো বলেন, “এমন একজন গুণী মানুষকে সবসময় শ্রদ্ধাভরে স্মরণ রাখতে হবে এবং নতুন প্রজন্মকে তার কর্ম ও চিন্তাকে ধারণ করে এগিয়ে যেতে হবে।”

একুশে পদকসহ বিভিন্ন জাতীয় ও প্রাতিষ্ঠানিক সম্মাননায় ভূষিত প্রখ্যাত ভাষাবিজ্ঞানী অধ্যাপক আবুল কালাম মনজুর মোরশেদ ১৯৩৮ সালে জন্মগ্রহণ করেন এবং ২০২৩ সালে ইন্তেকাল করেন। সুদীর্ঘ কর্মজীবনে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ ও ভাষাবিজ্ঞান বিভাগে সুনামের সঙ্গে অধ্যাপনা করেছেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলা অনুষদের ডিন অধ্যাপক মো. আবুল কালাম সরকার। স্বাগত বক্তব্য দেন ট্রাস্ট ফান্ডের দাতা ও প্রয়াত অধ্যাপক আবুল কালাম মনজুর মোরশেদের কন্যা মনজুলা মোরশেদ এবং ধন্যবাদ জ্ঞাপন করেন ভাষাবিজ্ঞান বিভাগের চেয়ারপার্সন ড. মনিরা বেগম। পুরো অনুষ্ঠান সঞ্চালনা করেন বিভাগীয় প্রভাষক মোহাম্মদ ইনজামাম।