সারা বাংলা

শরীয়তপুরে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা শরীয়তপুরের জাজিরা উপজেলায় ঝটিকা মিছিল করেছেন।

সোমবার (১৮ মে) দুপুরে ঢাকা-শরীয়তপুর মহাসড়কের ক্লাব মোড় থেকে আনন্দবাজার অভিমুখে বিক্ষোভ মিছিল করেন।

পুলিশ, স্থানীয়, সামাজিক যোগাযোগ মাধ্যম সূত্রে জানা যায়, মিছিল করে তারা শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার ও রাজনৈতিক নেতাদের মুক্তি দেওয়ার দাবি জানান। মিছিলে নেতৃত্ব দিয়েছেন শরীয়তপুর জেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক রাশেদুজ্জামান। ওই মিছিলের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। আওয়ামী লীগের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে মিছিলের ভিডিওটি পোস্ট করা হয়েছে।

ছাত্রলীগ ও আওয়ামী লীগের আত্মগোপনে থাকা নেতারা ওই ভিডিও তাদের ফেজবুকে পোস্ট করেছেন। ভিডিওতে দেখা যায়, ঢাকা-শরীয়তপুর সড়কের জাজিরার মানিকনগর এলাকায় শতাধিক লোক ব্যানার হাতে নিয়ে মিছিল করছেন। মিছিলের সামনে জাতীয় পতাকা হাতে নিয়ে হাঁটছিলেন শরীয়তপুর জেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক রাশেদুজ্জামান। এছাড়া মিছিলের সামনের অংশে শরীয়তপুর সদর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান সিকদারকে দেখা গেছে।

রাশেদুজ্জামান শিকদার শেখ হাসিনা, শেখ মুজিবুর রহমান ও শরীয়তপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ইকবাল হোসেন অপুর নামে নানা ধরনের স্লোগান দেন। তার স্লোগানের সঙ্গে সঙ্গে অন্য নেতাকর্মীরাও ওই স্লোগান দেন। ছাত্রলীগের ওই নেতাকর্মীরা শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনার ও কারাগারে থাকা সকল রাজনীতিবিদদের মুক্তি দাবি করেন।

শনিবার (১৬ মে) রাতে ও রবিবার (১৭ মে) সকালে জাজিরা তিনটি স্থানে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে মিছিল করেছেন আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা।

২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর শরীয়তপুরের আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতারা আত্মগোপনে চলে যান। পরে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ ও ছাত্রলীগ নিষিদ্ধ করে সরকার। এরপর প্রকাশ্যে সংগঠনের নেতাকর্মীদের কর্মসূচি করতে দেখা যায়নি। 

আত্মগোপনে থাকা শরীয়তপুর সদর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান সিকদার মোবাইল ফোনে বলেন, ‘‘শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাবে। তাই তাঁর প্রত্যাবর্তন নিশ্চিত করতে আমরা রাজপথে আছি, রাজপথে থাকব।’’ 

আত্মগোপনে থাকা  ছাত্রলীগের এক নেতা নাম প্রকাশ না করা শর্তে মোবাইল ফোনে বলেন, ‘‘আমরা যেহেতু রাজনীতি করেছি, রাজপথেই আমাদের ঠিকানা। শত প্রতিকূল পরিবেশের মধ্যেও শরীয়তপুর জেলা ছাত্রলীগের উদ্যোগে বিভিন্ন কর্মসূচি পালন করা হচ্ছে।’’ 

জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালেহ আহাম্মদ বলেন, ‘‘নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ মিছিল করেছে— এমন একটি ভিডিও গতকাল (১৭ মে) আমাদের হাতে এসেছে। সেটা নিয়ে আমরা কাজ করছি। এখনো তাদের শনাক্ত করতে পারিনি।’’ 

তিনি আরো বলেন, ‘‘আর আজ কোনো মিছিল হয়েছে— এমন তথ্য আমাদের কাছে নেই। যেহেতু আমাদের থানার সীমানার সঙ্গে শরীয়তপুর সদর, নড়িয়া ও মাদারীপুরের শিবচর থানার সীমানা রয়েছে, তাই অন্য কোনো থানার সীমানায় এমন কর্মসূচি করতে পারে। আমরা বিষয়টি খোঁজ নিচ্ছি।’’