কুষ্টিয়ার মিরপুর উপজেলার গ্রামের বাড়ি থেকে গরু কিনতে যাওয়ার পথে অজ্ঞান পার্টির খপ্পরে পড়েছেন হানিফ শেখ (৬০) নামে এক কৃষক। তার কাছে থাকা প্রায় সোয়া ১ লাখ টাকা নিয়ে যায় অজ্ঞান পার্টির সদস্যরা।
সোমবার (১৮ মে) সকালে তিনি অজ্ঞান পার্টির কবলে পড়েন। হানিফ শেখ মিরপুর উপজেলার ফুলবাড়িয়া ইউনিয়নের কামিরহাট গ্রামের বাসিন্দা।
হানিফের বড় ছেলে মাসুম বলেন, তার বাবা সকালে ১ লাখ ২০ হাজার টাকা সঙ্গে নিয়ে কোরবানির গরু কেনার জন্য বাড়ি থেকে মেহেরপুরের উদ্দেশে বের হন। পথে অজ্ঞান পার্টির সদস্যরা তার কাছে থাকা সব টাকা নিয়ে তাকে ফেলে রেখে যায়। বেলা ১১টার দিকে খবর পেয়ে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে তার বাবাকে নিয়ে আসেন।
তিনি আরো জানান, এরপর প্রথমে মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে তার অবস্থা গুরুতর হওয়ায় চিকিৎসক কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠিয়ে দেন।
মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, তিনি আইন-শৃঙ্খলা কমিটির মিটিংয়ে রয়েছেন। এ বিষয়ে পরে বলতে পারবেন।