ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গ নিয়ে আরো এক শিশুর মৃত্যু হয়েছে। এনিয়ে হাম ও উপসর্গ নিয়ে হাসপাতালে ৩৪ শিশুর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১৯ মে) সকালে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) মো. মাইনউদ্দিন খান এ তথ্য জানান।
তিনি বলেন, “মারা যাওয়া মেয়ে শিশুটির বয়স ৮ মাস। তার বাড়ি ময়মনসিংহের ভালুকায়। গত ১৭ মে সকালে তাকে হাম উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি করা হয়।” শিশুটি হামের পাশাপাশি নিউমোনিয়ায় আক্রান্ত ছিল বলে জানান তিনি।
এদিকে, গত ২৪ ঘণ্টায় এই রোগের উপসর্গ নিয়ে আরো ৩৪ শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৩২ শিশু। বর্তমানে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে হাম শনাক্ত হয়ে চিকিৎসাধীন আছে ১০৪ শিশু। গত ১৭ মার্চ থেকে হাসপাতালে হাম রোগ নিয়ে এ পর্যন্ত ১ হাজার ৪৫২ শিশু চিকিৎসা নিয়েছে। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ হাজার ৩১৪ শিশু।
চিকিৎসকরা জানান, হাম অত্যন্ত ছোঁয়াচে ভাইরাসজনিত রোগ হওয়ায় এটি হাঁচি-কাশি বা সরাসরি সংস্পর্শের মাধ্যমে দ্রুত বাতাসে ছড়িয়ে পড়ছে। অনেক শিশু হামের পাশাপাশি নিউমোনিয়া, ডায়রিয়া নিয়ে হাসপাতালে আসছে।