সারা বাংলা

খোকসায় বজ্রপাতে কৃষকের মৃত্যু

কুষ্টিয়ার খোকসার মাঠে ধানের আঁটি গোছানোর সময় বজ্রপাতে হজরত আলী নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন স্কুলছাত্রীসহ তিনজন।   

সোমবার (১৮ মে) সন্ধ্যার দিকে উপজেলার জয়ন্তী হাজরা ইউনিয়নের জয়ন্তী হাজরা গ্রামে ঘটনাটি ঘটে। 

মারা যাওয়া হজরত আলী একই গ্রামের মৃত আক্কেল আলীর ছেলে। 

আহতরা হলেন- শিমুলিয়া ইউনিয়নের কালিশংকপুরের চতুর্থ শ্রেণির ছাত্রী অন্তরা (১০), বিলজানি গ্রামের আনিস মোল্লার স্ত্রী গৃহবধূ ডলি খাতুন (২০) ও খোকসার পাংশার সীমান্তবর্তী হলুদবাড়িয়া গ্রামের রুবেল হোসেনের স্ত্রী গৃহবধূ সোমা পারভিন (২৫)। তাদের খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

মৃত হজরত আলীর ভাতিজা বাপ্পী জানান, বিকেলে মেঘ দেখে হজরত আলী মাঠে কেটে রাখা ধানের আঁটি গুছিয়ে রাখতে যান। এ সময় বৃষ্টির সঙ্গে বজ্রপাত হলে তার চাচা জ্ঞান হারিয়ে মাঠে পড়ে ছিলেন। পরে তাকে উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানকার চিকিৎসক হজরত আলীকে মৃত ঘোষণা করেন।

জয়ন্তী হাজরা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সকিব খান টিপু বলেন, রাতে কৃষক হজরত আলী বজ্রপাতে মারা গেছেন।  

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডা. শারমিন আকতার রিমা বলেন, হাসপাতালে আনার অনেক আগেই কৃষকের মৃত্যু হয়েছে।