ভালোবেসে সুরাজ নাম্বিয়ার সঙ্গে ঘর বেঁধেছিলেন বলিউড অভিনেত্রী মৌনি রায়। কয়েক দিন আগে যৌথ বিবৃতিতে চার বছরের দাম্পত্য জীবনের ইতি টানার ঘোষণা দিয়েছেন তারা। এরপর গুঞ্জন উড়ছে, তৃতীয় পক্ষের কারণে তাদের সংসার ভেঙেছে। কেবল তাই নয়, মৌনি রায় মোটা অঙ্কের অর্থ খোরপোষ দাবি করেছেন বলেও কিছু গণমাধ্যম খবর প্রকাশ করেছে। বিষয়টি নিয়ে নিজের অবস্থান পরিষ্কার করলেন সুরাজ নাম্বিয়া।
সুরাজ নাম্বিয়া তার ইনস্টাগ্রাম স্টোরিতে একটি পোস্ট দিয়েছেন। তাতে তিনি বলেন, “সম্প্রতি আমাদের বিচ্ছেদ নিয়ে যেসব প্রতিবেদন ছড়ানো হয়েছে, সেগুলো ভিত্তিহীন, অত্যন্ত রুচিহীন এবং সম্পূর্ণ বিদ্বেষপূর্ণ। আমি পরিষ্কারভাবে বলতে চাই—এখানে কোনো খোরপোষ নেই, কোনো বিরোধ নেই, তৃতীয় কোনো পক্ষও জড়িত নয়। মৌনি এবং আমি পারস্পরিক সম্মান, পরস্পরের মঙ্গল বিবেচনায় রেখেই আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছি। এটাই সত্য। এর বাইরে যা কিছু প্রকাশিত হচ্ছে, সবই কল্পকাহিনি; কিছু ক্ষেত্রে দুজন মানুষকে খলনায়ক বানানোর চেষ্টা করা হচ্ছে, যারা শুধু নিজেদের মতো থাকতে চেয়েছে।”
বিয়েবিচ্ছেদে নির্দোষ মানুষদের টেনে না আনার আহ্বান জানানোর পাশাপাশি গণমাধ্যমকে দায়িত্বশীল হওয়ার কথাও জানান সুরাজ। তিনি বলেন, “শেষবারের মতো পরিষ্কারভাবে বলতে চাই—আমাদের দুজনকে নিয়ে বা তৃতীয় কোনো পক্ষকে নিয়ে যেসব দাবি করা হচ্ছে, তার কোনো সত্যতা নেই। অন্যদের এতে জড়ানো ঠিক নয়, বিশেষ করে নির্দোষ বন্ধুদের, যাদের সঙ্গে এসবের কোনো সম্পর্ক নেই। এই সময়টায় মৌনি ও আমি সম্মান বজায় রেখে চলছি। যারা এ বিষয়ে প্রতিবেদন করছেন, তাদের কাছ থেকেও একই মর্যাদা প্রত্যাশা করছি।”
এর আগে বিবাহবিচ্ছেদের বিবৃতিতে বলা হয়, “আমাদের ব্যক্তিগত জীবন নিয়ে কিছু গণমাধ্যমের অপ্রয়োজনীয় ও অতিরিক্ত হস্তক্ষেপে আমরা হতাশ। আমরা আলাদা পথে হাঁটার সিদ্ধান্ত নিয়েছি। এ পরিস্থিতি ব্যক্তিগতভাবে এবং সৌহার্দ্যপূর্ণভাবে সামাল দেওয়ার জন্য প্রয়োজনীয় সময় নিচ্ছি।”
বর্তমানে তারা দুজনেই এই কঠিন সময়টা ব্যক্তিগতভাবে কাটাতে চান। তবে তাদের বন্ধুত্ব এবং একসঙ্গে কাটানো সময় সব সময়ই মূল্যবান হয়ে থাকবে বলেও এ বিবৃতিতে জানানো হয়েছে।
সকলের প্রতি অনুরোধ জানিয়ে বিবৃতিতে বলা হয়েছে, “আমাদের মর্যাদা ও ব্যক্তিগত গোপনীয়তাকে সম্মান করুন। আমার বা সুরাজকে নিয়ে কোনো মিথ্যা গল্প ছড়াবেন না। আমাদের অনুরোধ, এই কঠিন সময়ে আমাদের একটু ব্যক্তিগত পরিসর দিন।”
ভালোবেসে ঘর বাঁধলেও কেন তাদের সংসার ভাঙল, তা নিয়ে একটি শব্দও খরচ করেননি মৌনি কিংবা সুরাজ। ফলে সংসার ভাঙার কারণ আড়ালেই রয়ে গেল।
করোনা মহামারির সময় দুবাই আটকা পড়েছিলেন মৌনি রায়। সেই সময় পেশায় ব্যাংকার সুরাজের সঙ্গে তার বেশ ভালো সময় কেটেছে। পরে তা প্রেমের সম্পর্কে রূপ নেয়। দুবাই প্রবাসী সুরাজ নাম্বিয়ার সঙ্গে মৌনির প্রেম ও বিয়ের গুঞ্জন নিয়েও আলোচনা কম হয়নি। সবকিছুর ইতি টেনে ২০২২ সালের ১৭ জানুয়ারি সাতপাকে বাঁধা পড়েন এই যুগল।
টিভি ধারাবাহিকে খ্যাতির পর অক্ষয় কুমার অভিনীত ‘গোল্ড’ সিনেমার মাধ্যমে বলিউডে পা রাখেন মৌনি। ‘কেজিএফ-চ্যাপটার ওয়ান’ সিনেমার ‘গলি গল’ গানে নেচে বেশ জনপ্রিয়তা লাভ করেন মৌনি। এরপর ‘রোমিও আকবর ওয়াল্টার’, ‘মেড ইন চায়না’, ‘ব্রহ্মাস্ত্র’, ‘ব্ল্যাকআউট’ প্রভৃতি সিনেমায় অভিনয় করেন তিনি।
মৌনি রায়কে সর্বশেষ দেখা যায় ‘সালাকার’ সিরিজে। থ্রিলার ঘরানার সিরিজটি পরিচালনা করেন ফারুক কবির। গত বছরের ৮ আগস্ট ওটিটি প্ল্যাটফর্ম জিওহটস্টারে মুক্তি পায় এটি।