ঢাকার গেন্ডারিয়ায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে মোহাম্মদ সিয়াম (২০) নামে এক যুবক নিহত হয়েছেন। নিহত সিয়াম পল্টনের একটি ট্রাভেলস প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন।
মঙ্গলবার (১৯ মে) সকাল ৬টার দিকে গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহতের বড় ভাই পিন্টু জানান, তিনি ব্যাটারিচালিত অটোরিকশা চালান। রাত ৩টার দিকে বাসায় ফিরে তিনি দেখতে পান, ছোট ভাই সিয়াম রক্তাক্ত অবস্থায় ঘরের মেঝেতে পড়ে আছে। পরে দ্রুত তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তবে কে বা কারা তার ভাইকে ছুরিকাঘাত করেছে সে বিষয়ে তিনি কিছু জানাতে পারেননি।
গেন্ডারিয়ার কে বি রোড লোহারপুল এলাকায় তারা সিয়াম থাকতেন। বাবার নাম মন্টু মিয়া। সিয়াম তিন ভাইয়ের মধ্যে সবার ছোট ছিলেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোহাম্মদ ফারুক বলেন, “সিয়ামের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।”