জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) এক নারী শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার ঘটনার ১০০ ঘণ্টা পার হলেও অভিযুক্ত গ্রেপ্তার না হওয়ায় ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন জাহাঙ্গীরনগর কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু)।
সোমবার (১৮ মে) বিকেলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জাকসু) নেতৃত্বে আয়োজিত এ কর্মসূচিতে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা অংশ নেন।
সোমবার বিকেল ৪টা ৩৭ মিনিট থেকে ৪টা ৫৭ মিনিট পর্যন্ত প্রায় ২০ মিনিট ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে রাখেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। এর আগে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারসংলগ্ন সড়ক থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে মহাসড়কে গিয়ে শেষ হয়।
সমাবেশে জাকসুর জিএস মাজহারুল ইসলাম আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে বলেন, “দেশে এর চেয়েও বড় বড় ঘটনায় খুব দ্রুত অপরাধীদের গ্রেপ্তার করা হয়। কিন্তু এই ঘটনায় অভিযুক্তের পূর্ণাঙ্গ ফুটেজ থাকার পরও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাকে গ্রেপ্তার করতে পারেনি। এটি প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চরম ব্যর্থতা বলেই মনে হচ্ছে।”
ক্যাম্পাসের চলমান পরিস্থিতির প্রসঙ্গ টেনে তিনি আরো বলেন, “বিচারপ্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতে ক্যাম্পাসের কিছু শিক্ষক সিন্ডিকেট ও বিভিন্ন মহল বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক, সাধারণ শিক্ষার্থী এবং শিক্ষকদের সঙ্গে আক্রমণাত্মক আচরণ করছে। আমরা মনে করি, এটি স্বাভাবিক বিচারিক প্রক্রিয়া ব্যাহত করার অপচেষ্টা।”
মিছিল-পরবর্তী সমাবেশে জাকসুর ভিপি আব্দুর রশিদ জিতু ক্ষোভ প্রকাশ করে বলেন, “জাবি শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার মতো ন্যক্কারজনক ঘটনার প্রায় দেড়শ ঘণ্টা পেরিয়ে গেলেও রাষ্ট্রের আইনশৃঙ্খলা বাহিনী এখনো কার্যকর ভূমিকা নিতে পারেনি। পুলিশ প্রশাসন ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় দ্রুত অভিযুক্তকে গ্রেপ্তার করতে ব্যর্থ হলে আমরা আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হব।”
ক্যাম্পাসের পরিবেশ বিনষ্টকারীদের হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, “কেউ যদি দলীয় এজেন্ডা বাস্তবায়ন কিংবা শিক্ষার সুষ্ঠু পরিবেশ নষ্ট করার চেষ্টা করে, তা মেনে নেওয়া হবে না। ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে যেমন আমরা আজ ঐক্যবদ্ধ হয়েছি, তেমনি ক্যাম্পাসের স্বাভাবিক পরিবেশ নষ্টের যেকোনো অপচেষ্টার বিরুদ্ধেও একইভাবে রুখে দাঁড়াব।”
প্রসঙ্গত, গত মঙ্গলবার (১২ মে) রাতে বিশ্ববিদ্যালয়ের পুরোনো ফজিলাতুন্নেছা হলের পাশের সড়কে এক নারী শিক্ষার্থীকে টেনেহিঁচড়ে জঙ্গলে নিয়ে ধর্ষণ ও হত্যার চেষ্টা করে এক বহিরাগত। এ ঘটনায় আশুলিয়া থানায় মামলা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।