বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) অনুষ্ঠিত হতে যাচ্ছে আন্তর্জাতিক শিক্ষামেলা ‘পাকিস্তান এডুকেশন এক্সপো ২০২৬’। দিনব্যাপী এ আয়োজনে পাকিস্তানের ২০টি বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা অংশ নেবেন এবং শিক্ষার্থীদের জন্য উচ্চশিক্ষা ও বৃত্তির বিভিন্ন সুযোগ তুলে ধরা হবে।
বুধবার (২০ মে) বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়ার তৃতীয় তলায় এ এক্সপো অনুষ্ঠিত হবে। সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে এ আয়োজন।শিক্ষামেলার বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা অধ্যাপক ইলিয়াছ প্রামাণিক ও রেজিস্ট্রার অধ্যাপক ফেরদৌস রহমান। এছাড়া, বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরে এ সংক্রান্ত একটি অফিস আদেশ জারি করেছে। আদেশে বলা হয়েছে, আগামী ২০ মে ২০২৬ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ এক্সপো অনুষ্ঠিত হবে। এতে পাকিস্তানের বিভিন্ন স্বনামধন্য
বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা অংশ নেবেন। শিক্ষার্থীদের জন্য স্নাতক, স্নাতকোত্তর ও পিএইচডি পর্যায়ে প্রায় ৫০০টি স্কলারশিপসংক্রান্ত তথ্য উপস্থাপন করা হবে।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, এক্সপোর মাধ্যমে পাকিস্তানের ২০টি বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদের সঙ্গে শিক্ষার্থীরা সরাসরি মতবিনিময়ের সুযোগ পাবেন। পাশাপাশি ভর্তি প্রক্রিয়া, বৃত্তি এবং উচ্চশিক্ষার বিভিন্ন সুযোগ-সুবিধা সম্পর্কেও বিস্তারিত ধারণা দেওয়া হবে।
বিশ্ববিদ্যালয়ের প্রতিটি বিভাগ থেকে ২৫ জন করে শিক্ষার্থী মনোনয়নের নির্দেশনা দেওয়া হয়েছে। আগ্রহী শিক্ষার্থীদের তথ্যফরম পূরণ করে আগামী ১৯ মে ২০২৬ দুপুর ২টার মধ্যে ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরে জমা দিতে বলা হয়েছে।
‘পাকিস্তান-বাংলাদেশ নলেজ করিডোর’ প্রকল্পের অধীনে বাংলাদেশে দ্বিতীয়বারের মতো আয়োজন করা হচ্ছে ‘বাংলাদেশ-পাকিস্তান এডুকেশন এক্সপো’। শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন গত ১১ মে ২০২৬ ঢাকায় এ এক্সপোর উদ্বোধন করেন। এর মূল লক্ষ্য বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য সম্পূর্ণ অর্থায়নে উচ্চশিক্ষার সুযোগ সম্প্রসারণ এবং সাংস্কৃতিক বিনিময় বৃদ্ধি করা।