ঝিনাইদহের শৈলকূপা উপজেলায় আঞ্চলিক মহাসড়কের বাক সরলিকরণ প্রকল্পে অধিগ্রহণকৃত জমির স্থাপনা অপসারণ করা হয়েছে। আজ মঙ্গলবার (১৯ মে) সকাল থেকে স্থাপনা অপসারণ অভিযান শুরু হয়। চলে বিকাল পর্যন্ত।
শৈলকূপা উপজেলার পাঠানপাড়া মনোহরপুরসহ ২২টি স্থানে অধিগ্রহণ করা জমি থেকে বিভিন্ন স্থাপনা উচ্ছেদ করা হয়।
উচ্ছেদ অভিযানে স্থানীয় প্রশাসনের সহযোগিতায় সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অভিযানে নেতৃত্ব দেন সড়ক ও জনপথ অধিদপ্তরের (সওজ) খুলনা বিভাগীয় এস্টেট ও আইন কর্মকর্তা নির্বাহী ম্যাজিস্ট্রেট পিজুস চন্দ্র দে।
এ সময় ঝিনাইদহ সওজের নির্বাহী প্রকৌশলী হাফিজুর রহমান, উপ-বিভাগীয় প্রকৌশলী জিয়াউদ্দিন, সহকারী প্রকৌশলী আহসান-উল-কবীরসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
সড়ক ও জনপথ অধিদপ্তরের (সওজ) খুলনা বিভাগীয় এস্টেট ও আইন কর্মকর্তা নির্বাহী ম্যাজিস্ট্রেট পিজুস চন্দ্র দে বলেন, শৈলকূপা উপজেলার শেখপাড়া বাজার থেকে লাঙলবাঁধ বাজার পর্যন্ত সড়কের প্রশস্তকরণ প্রকল্পের কাজ শুরু হয়েছে। প্রকল্পের আওতায় এরই মধ্যে ভূমি অধিগ্রহণ সম্পন্ন হয়েছে। অধিগ্রহণকৃত জমিতে থাকা সব ধরণের স্থাপনা অপসারণ করা হবে।