সারা বাংলা

চট্টগ্রামে ভোক্তা অধিকারের অভিযানে ৮০ হাজার টাকা জরিমানা 

চট্টগ্রাম নগরের বিভিন্ন এলাকায় বাজার তদারকি অভিযান চালিয়ে চারটি প্রতিষ্ঠানকে মোট ৮০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

মঙ্গলবার (১৯ মে) জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় ও জেলা কার্যালয়ের যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সহায়তা করে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের একটি দল।

জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় কার্যলয় থেকে সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

অভিযানকালে আগ্রাবাদ এলাকায় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের দায়ে লেমন গ্রাস রেস্টুরেন্টকে ৩০ হাজার টাকা এবং অপরিচ্ছন্নতার অভিযোগে কাচ্চি ডাইনকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

এদিকে মোহরা এলাকায় বাসি বার্গার ও মোগলাই ডিপ ফ্রিজে সংরক্ষণ করে বিক্রি, মেয়াদোত্তীর্ণ দই বিক্রি এবং অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্য সংরক্ষণের দায়ে মোহরা হোটেলকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া মেয়াদোত্তীর্ণ মিষ্টান্নের গায়ে থাকা মেয়াদের স্টিকার অপসারণ করে বিক্রির অভিযোগে সিজ্জল নামের একটি প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ, সহকারী পরিচালক মো. আনিছুর রহমান, মাহমুদা আক্তার ও রানা দেবনাথ।

জনস্বার্থে এ ধরনের তদারকি ও অভিযান কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।