খেলাধুলা

জেতার আশা ছাড়ছে না পাকিস্তান!

হাতে ৩ উইকেট। লক্ষ‌্য ১২১ রান। স্বীকৃত শেষ ব‌্যাটসম‌্যান হিসেবে আছেন মোহাম্মদ রিজওয়ান। সাথে আছেন সাজিদ খান। এরপর খুররাম শাহজাদ। শেষ ব‌্যাটসম‌্যান মোহাম্মদ আব্বাস।

বাংলাদেশের দেওয়া ৪৩৭ রানের লক্ষ‌্য তাড়া করতে নেমে পাকিস্তান চতুর্থ দিনের খেলা শেষ করেছে ৭ উইকেটে ৩১৬ রানে। ম‌্যাচটা বাংলাদেশের পক্ষেই ঝুলে আছে। তবে পাকিস্তান আশা ছাড়ছে না কিছুতেই। তাদের বিশ্বাস শেষ দিনে চমকপ্রদ পারফরম‌্যান্সে ম‌্যাচটা তাদের পক্ষে নিয়ে আসতে পারবে। পাকিস্তানের ব‌্যাটিং কোচ আসাদ শফিক সেই কথাই বললেন, ‘‘হ্যাঁ, অবশ্যই আছে। আজ আমাদের ব্যাটিং ইউনিটের পারফরম্যান্স যদি দেখেন, আমরা সত্যিই আশাবাদী। এখনও ১২১ রান বাকি, আর যেভাবে রিজওয়ান ব্যাট করছে এবং সাজিদ প্রথম ইনিংসে যেভাবে খেলেছে, তাতে আমরা খুব আশাবাদী।’’

প্রথম ইনিংসে সাজিদ ৩৮, খুররাম ১০ রান তুলে অবদান রেখেছিলেন। লোয়ার অর্ডারের দুই ব্যাটসম‌্যান চতুর্থ ইনিংসে ভালো করলে বাংলাদেশের জন‌্য কাজটা কঠিন হতে পারে। তবে স্বাগতিকদের জন্য আশার খবর বাংলাদেশ নতুন বল নিয়েছে মাত্র ৬ ওভার হলো। তাইজুল নতুন বলেই শেষ বিকেলে ২ উইকেট পেয়েছেন।

তবুও আশাবাদী আসাদ শফিক। আজ রিজওয়ান, শান, সালমানরা যেভাবে ব‌্যাটিং করেছেন সেভাবে বাকিটা সময় কাটাতে পারলে ফল নিজেদের পক্ষেই আসবে বলে মনে করেন পাকিস্তানের কোচ, ‘‘দেখুন, আমি খুব আশাবাদী কারণ আজ যেভাবে ব্যাটিং ইউনিট হিসেবে তারা প্রতিক্রিয়া দেখিয়েছে। কারণ আগের তিন ইনিংস আমাদের খুব ভালো যায়নি। কিন্তু সেই পর্যায় থেকে বের হয়ে আজ যেভাবে আমরা ব্যাট করেছি, ওই দুই-তিনজন খেলোয়াড় যেভাবে নিজেদের মেলে ধরেছে, তাতে আমি খুবই আশাবাদী। আর আপনি প্রথম ইনিংসে সাজিদকেও দেখেছেন, সে যেভাবে ব্যাট করেছে। যদি এই পার্টনারশিপ গড়ে ওঠে এবং বড় হয়, তাহলে আমি খুবই আশাবাদী।’’

এছাড়া সিলেটের উইকেটরও প্রশংসা করেছেন তিনি, ‘‘আমার মনে হয় এটা টেস্ট ম্যাচের জন্য আদর্শ উইকেট। এখানে সবার জন্য কিছু না কিছু আছে। স্পিনারদের জন্য সামান্য টার্ন আছে এবং ফাস্ট বোলারদের জন্যও কিছু সিম মুভমেন্ট আছে, বিশেষ করে নতুন বলে। আর ব্যাটসম্যান হিসেবে আপনি আপনার শটের পূর্ণ মূল্য পাবেন। আমার মনে হয় এটা টেস্ট ক্রিকেটের জন্য সেরা ধরনের উইকেট।’’