সিরাজগঞ্জে অ্যাপেন্ডিক্স অপারেশনের পর গৃহবধূ সাবিনা খাতুনের (২৪) মৃত্যুকে কেন্দ্র করে একটি বেসরকারি হাসপাতালে হামলা ও ভাঙচুর করা হয়েছে। মঙ্গলবার (১৯ মে) বিকেল সাড়ে ৫টার দিকে শহরের মুজিব সড়কের ১নং খলিফাপট্টিতে অবস্থিত পুরাতন কমিউনিটি হাসপাতাল কমপ্লেক্সে ভাঙচুর করা হয়।
নিহত সাবিনা খাতুন সিরাজগঞ্জ পৌর এলাকার জানপুর বটতলা মহল্লার আসিফ আলীর স্ত্রী।
স্বজনদের অভিযোগ, গত বুধবার (১৩ মে) পেটের ব্যথা নিয়ে সাবিনাকে সিরাজগঞ্জ শহরের মুজিব সড়কে অবস্থিত পুরাতন কমিউনিটি হাসপাতাল কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরীক্ষা-নিরীক্ষার পর দিন বিকেলে তার অ্যাপেনডিক্স অপারেশন করেন চিকিৎসক ডা. মুকুল হোসেন। অ্যানেসথেসিয়া দেন জাকারিয়া হোসেন।
অভিযোগ রয়েছে, অপারেশনের পরপরই সাবিনার শারীরিক অবস্থার অবনতি ঘটে। পরে তাকে প্রথমে বগুড়ার ঠেঙ্গামারা হাসপাতালে এবং পরে ঢাকার উত্তরা শিন শিন জাপান হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার (১৯ মে) দুপুরে তার মৃত্যু হয়।
বিকেলে মরদেহ অ্যাম্বুলেন্সে করে সিরাজগঞ্জে আনা হলে ক্ষুব্ধ স্বজনরা হাসপাতালে হামলা চালিয়ে ভাঙচুর করেন। এ সময় হাসপাতালে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
নিহতের স্বজনরা দাবি করেন, ভুল চিকিৎসা ও চিকিৎসকদের অবহেলার কারণে সাবিনার মৃত্যু হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ প্রকৃত অবস্থা গোপন করায় রোগীকে এক হাসপাতাল থেকে আরেক হাসপাতালে নিতে হয়েছে এবং অতিরিক্ত রক্তক্ষরণের কারণে বারবার রক্ত দিতে হয়েছে। ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের শাস্তির দাবি জানান তারা।
তবে অভিযোগ অস্বীকার করে পুরাতন কমিউনিটি হাসপাতাল কমপ্লেক্সের পরিচালক মো. কামাল হোসেন বলেন, ‘‘অ্যাপেনডিক্স অপারেশনের পর রোগী ব্রেন স্ট্রোক করেন। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে বগুড়ায় পাঠানো হয়। আজ তার মৃত্যুর খবর শুনেছি।’’
সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসান জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তবে ভুল চিকিৎসায় মৃত্যু হয়েছে কি-না, তা তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।