জাতীয়

খুলনা মেডিকেলে আগুন, ১০ ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে 

খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালের প্রধান ভবনের তৃতীয় তলায় অগ্নিকাণ্ড ঘটেছে। ফায়ার সার্ভিসের ১০টি  ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে। এ ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে রোগী ও স্বজনদের মধ্যে।

বুধবার (২০ মে) সকাল ৬টার দিকে আগুন লাগে। খবর পেয়ে প্রথমে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে যায়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আরো সাতটি ইউনিট যোগ দেয়। প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় ফায়ার সার্ভিসের সদস্যরা। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক সরকার মাসুদ জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। আগুনে ক্ষতির পরিমাণ নিরূপণে কাজ করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।