বিনোদন

জুনিয়র এনটিআরের এই পাঁচ তথ্য জানতেন?

তেলেগু সিনেমার জনপ্রিয় অভিনেতা জুনিয়র এনটিআর। বুধবার (২০ মে) ৪৩ বছর পূর্ণ করে চুয়াল্লিশে পা দিতে যাচ্ছেন এই অভিনেতা। সোশ্যাল মিডিয়ায় ভক্ত, সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের শুভেচ্ছায় ভাসছেন এই অভিনেতা। ‘ইয়ং টাইগার’খ্যাত এই নায়ক অভিনয় দক্ষতা দিয়ে গত দুই দশক ধরে দর্শকদের মুগ্ধ করে চলেছেন। বিশেষ এই দিনে চলুন জেনে নিই, এই তারকার অজানা পাঁচ তথ্য।

১০ বছর বয়সে চলচ্চিত্রে অভিষেক মাত্র ১০ বছর বয়সে চলচ্চিত্রে পা রাখেন জুনিয়র এনটিআর। তার অভিষেক চলচ্চিত্রের নাম ‘ব্রহ্মঋষি বিশ্বমিত্র’। এটি পরিচালনা করেন সিনিয়র এনটিআর। এরপর অভিনয় করেন ‘বালা রামায়াণাম’ সিনেমায়। এতে ভগবান রামের চরিত্রে অভিনয় করে যেমন প্রশংসা কুড়ান, তেমনই পুরস্কারও জিতে নেন।  

প্রশিক্ষিত কুচিপুডি নৃত্যশিল্পী অনেকেই জানেন না, জুনিয়র এনটিআর প্রশিক্ষিত একজন কুচিপুডি নৃত্যশিল্পীও। মাস্টার সুধাকরের কাছ থেকে এ নাচের তালিম নেন জুনিয়র এনটিআর। খুব অল্প বয়সে এই নাচের প্রশিক্ষণ পান তিনি। অন্ধ্রপ্রদেশের নানা অনুষ্ঠানে এই নৃত্য পরিবেশন করতে দেখা যায় তাকে। ‘সিমহাড়ি’, ‘আদি’, ‘ট্রিপলআর’-এর মতো সিনেমায় অভিনয়ের পাশাপাশি নাচের দক্ষতারও প্রমাণ দিয়েছেন এই তারকা। 

সবচেয়ে বড় অডিও লঞ্চ ইভেন্টের রেকর্ড জুনিয়র এনটিআর অভিনীত সিনেমা ‘অন্ধ্রওয়ালা’। ২০০৩ সালে সিনেমাটির অডিও লঞ্চিং অনুষ্ঠানের আয়োজন করা হয় তার নিজ শহর নিম্মাকুরুতে। এতে ১০ লাখ ভক্ত অংশ নিয়েছিলেন! ভক্তদের আনার জন্য ভারতীয় রেলওয়ে ১০টি বিশেষ ট্রেন চালু করেছিল। অসংখ্য বাসও রিজার্ভ করা হয়েছিল। দাবি করা হয়, এখন পর্যন্ত কোনো সিনেমা এই রেকর্ড ভাঙতে পারেনি। 

রান্না করতে ভালোবাসেন কেবল অভিনয় নয়, জুনিয়র এনটিআর রান্না করতেও খুব পছন্দ করেন। বেশ ভালো রাঁধুনি হিসেবে তার সুখ্যাতি রয়েছে। বিভিন্ন দেশের খাবার তৈরি করতে পারেন তিনি। তবে তার সবচেয়ে প্রিয় খাবার মায়ের হাতের প্রন বিরিয়ানি। 

৯ সংখ্যার প্রতি তীব্র আকর্ষণ জুনিয়র এনটিআরের ৯ সংখ্যার প্রতি বিশেষ দুর্বলতা রয়েছে। তার প্রায় সব গাড়ির নাম্বার প্লেটে ৯ সংখ্যা থাকে। তার একটি গাড়ির নাম্বার—৯৯৯৯। এ ধরনের নম্বর পেতে নিবন্ধন অফিসে বড় অঙ্কের অর্থও খরচ করেছেন এই তারকা।

*বলিউড লাইফ ডটকম অবলম্বনে