ক্যাম্পাস

হলে থাকা শিক্ষার্থীদের জন্য ঢাবি শিবিরের ‘দস্তরখান-এ-ঈদ’ উদ্যোগ

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) হলে অবস্থানরত শিক্ষার্থীদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে ‘দস্তরখান-এ-ঈদ’ আয়োজনের ঘোষণা দিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, ঢাবি শাখা। এ উদ্যোগের অংশ হিসেবে ঈদের দিন রাতে হলে থাকা শিক্ষার্থীদের মাঝে রাতের খাবার পৌঁছে দেওয়া হবে।

সংগঠনটি জানিয়েছে, আগামী ২৫ মে গুগল ফর্মের মাধ্যমে হলে অবস্থানরত শিক্ষার্থীদের তথ্য সংগ্রহ করা হবে।

এ বিষয়ে ঢাবি ছাত্রশিবিরের সেক্রেটারি কাজী আশিক বলেন, “ছাত্রশিবির সবসময়ই শিক্ষার্থীবান্ধব কাজে নিজেদের নিয়োজিত রাখে। তারই ধারাবাহিকতায় আমরা এবার কুরবানির ঈদে এই আয়োজন করতে যাচ্ছি।”

তিনি আরো বলেন, “প্রতিবছরই ঈদে আমাদের অনেক সিনিয়র, জুনিয়র কিংবা ব্যাচমেট বন্ধু চাকরির পরীক্ষা ও নানা জটিলতার কারণে বাড়িতে যেতে পারেন না। তাদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতেই আমরা এ আয়োজন করেছি। ইনশাআল্লাহ, রাতের খাবার আমাদের শিক্ষার্থী ভাইদের কাছে পৌঁছে দেওয়া হবে।”