পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে প্রবাসীরা দেশে পরিবার পরিজনের নিকট অর্থ পাঠাচ্ছেন। আর এর ধারাবাহিকতায় মে মাসের ১৯ দিনে দেশে প্রবাসী আয় ২৪৮ কোটি ডলার ছাড়িয়েছে।
বুধবার (২০ মে) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানিয়েছেন।
বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, মে মাসের প্রথম ১৯ দিনে বৈধ ব্যাংকিং চ্যানেলে দেশে এসেছে ২৪৮ কোটি ৩০ লাখ ডলার রেমিট্যান্স। দেশীয় মুদ্রায় যার পরিমাণ ৩০ হাজার ৪৭৮ কোটি ৮২ লাখ টাকা (প্রতি ডলার ১২২ টাকা ৭৫ পয়সা)। সে হিসাবে চলতি মাসে প্রতিদিন গড়ে দেশে আসছে এক হাজার ৬০৪ কোটি টাকার বেশি রেমিট্যান্স।
বাংলাদেশ ব্যাংকের তথ্যমতে, ২০২৫-২৬ অর্থবছরের জুলাই থেকে ১৯ মে পর্যন্ত দেশে মোট রেমিট্যান্স এসেছে ৩ হাজার ১৮১ কোটি ৬০ লাখ ডলার। আগের বছর একই সময়ে এসেছে ২ হাজার ৬৩৩ কোটি ডলার রেমিট্যান্স।
বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা বলছেন, হুন্ডি প্রতিরোধে সরকার ও কেন্দ্রীয় ব্যাংকের উদ্যোগ, প্রণোদনা এবং ব্যাংকিং চ্যানেলের উন্নতি রেমিট্যান্স আয় বাড়াতে বড় ভূমিকা রেখেছে। এছাড়া চলতি মাসে ঈদুল আজহা সামনে রেখে রেমিট্যান্স প্রবাহ আরো বাড়বে বলে আশা করছেন তারা।
বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যান অনুযায়ী, চলতি অর্থবছরের মাসভিত্তিক প্রবাসী আয়ের প্রবাহ ছিল যথাক্রমে জুলাইয়ে ২৪৭ কোটি ৭৮ লাখ ডলার, আগস্টে ২৪২ কোটি ১৮ লাখ ডলার, সেপ্টেম্বরে ২৬৮ কোটি ৫৫ লাখ ডলার, অক্টোবরে ২৫৬ কোটি ২৪ লাখ ডলার, নভেম্বরে ২৮৮ কোটি ৯৭ লাখ ডলার, ডিসেম্বরে ৩২২ কোটি ৩৬ লাখ ডলার , জানুয়ারিতে ৩১৭ কোটি ১৬ লাখ ডলার, ফেব্রুয়ারিতে ৩০২ কোটি ডলার, মার্চে ৩৭৫ কোটি ২২ লাখ ডলার এবং এপ্রিল মাসে এসেছে ৩১২ কোটি ৭৩ লাখ ডলার।