জাতীয়

জনবান্ধব প্রশাসন গঠনে নিরীক্ষা কার্যক্রম কার্যকর করতে হবে: সিএজি

জনগণের জন্য সরকারি সেবা দ্রুত, স্বচ্ছ ও মানসম্মত করতে নিরীক্ষা কার্যক্রমকে আরো ফলপ্রসূ ও জনকল্যাণমুখী করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশের কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল মো. নূরুল ইসলাম।

কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল কার্যালয়ের ৫৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত বিশেষ সেবা সপ্তাহের সমাপনী দিনে মঙ্গলবার  (১৯ মে) রাজধানীর ১৭টি অডিট অধিদপ্তর পরিদর্শন শেষে তিনি এ আহ্বান জানান।

১১ থেকে ১৯ মে পর্যন্ত চলা এই সেবা সপ্তাহে সারা দেশের নিরীক্ষা ও হিসাবরক্ষণ কার্যালয় এবং অডিট অধিদপ্তরগুলোতে মোট ১ লাখ ৮ হাজার ৩৪৬ জন সেবাগ্রহীতাকে দ্রুত ও আন্তরিকতার সঙ্গে সেবা দেওয়া হয়।

পরিদর্শনকালে ডেপুটি কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল সিনিয়র মো. শরীফুল ইসলামসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

কী কী সেবা দেওয়া হয়েছে সেবা সপ্তাহে Audit Management and Monitoring System বা এএমএমএস-২ এর মাধ্যমে অডিট আপত্তির জবাব গ্রহণ, যথাযথ তথ্য ও প্রমাণকসহ ব্রডশিট জবাবের ভিত্তিতে দ্রুত আপত্তি নিষ্পত্তি, প্রয়োজনীয় পরামর্শ দেওয়া, নিরীক্ষাধীন প্রতিষ্ঠানের সঙ্গে অডিট আপত্তির রিকনসিলিয়েশন এবং এনওসি প্রদানসহ বিভিন্ন কার্যক্রম পরিচালিত হয়।

সিএজি এ সময় সংশ্লিষ্ট অডিট অধিদপ্তরের মহাপরিচালক ও কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করে কার্যক্রমের অগ্রগতি সম্পর্কে খোঁজ নেন।

স্বচ্ছতা ও জবাবদিহিতায় জোর সিএজি বলেন,“জনবান্ধব প্রশাসন গড়ে তুলতে সরকার সেবা প্রদান ব্যবস্থাকে সহজ, মানবিক, প্রযুক্তিনির্ভর ও জবাবদিহিমূলক করার কাজ করে যাচ্ছে।

তিনি জানান, ১৭টি অডিট অধিদপ্তরের মাধ্যমে কমপ্লায়েন্স, পারফরমেন্স, ফাইন্যান্সিয়াল, আইটি, জলবায়ু ও পরিবেশ, এসডিজি এবং রিয়েল টাইম অডিটসহ বিভিন্ন ধরনের নিরীক্ষা হচ্ছে। সরকারি অর্থ ব্যয়ের ক্ষেত্রে মিতব্যয়িতা, দক্ষতা ও কার্যকারিতা নিশ্চিত করার পাশাপাশি ভ্যালু ফর মানি, স্বচ্ছতা ও জবাবদিহিতা প্রতিষ্ঠায় কমপ্লায়েন্স অডিটের পাশাপাশি পারফরমেন্স অডিটের ওপরও সরকার এখন বিশেষ গুরুত্ব দিচ্ছে।

এ লক্ষ্যে যথাযথভাবে অডিট কার্যক্রম পরিচালনার জন্য তিনি মহাপরিচালকদের প্রয়োজনীয় দিক নির্দেশনা দেন।

সরকারি অর্থের সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করতে হিসাব ও নিরীক্ষা কার্যক্রম আরো কার্যকর করার জন্য সংশ্লিষ্ট সব কর্মকর্তা-কর্মচারীকে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানান সিএজি।

পরিদর্শন শেষে অডিট অধিদপ্তরগুলোর কর্মকর্তারা সেবা সপ্তাহের ফিডব্যাক সিএজির কাছে তুলে ধরেন।

বিশেষ সেবা কার্যক্রমের আওতায় ১৭টি অডিট অধিদপ্তর, সিজিএ, ৫০টি সিএএফও কার্যালয়, ৮ বিভাগ, ৬৪ জেলা, ৪৯৫ উপজেলা, সিজিডিএফ, এসএফসি, এফসিসহ বিভিন্ন সেনানিবাসে অবস্থিত এরিয়া এফসি/এফপিও অফিস, এডিজি ফাইন্যান্স বাংলাদেশ রেলওয়ে, এফএন্ডসিএও, ডিএফএ ঢাকা, চট্টগ্রাম ও রাজশাহীসহ দেশের সব নিরীক্ষা ও হিসাবরক্ষণ অফিসে সেবা দেওয়া হয়।