প্রেস অ্যাক্রিডিটেশন নীতিমালা, ২০২৫ অনুযায়ী ৭ সদস্যের ‘প্রেস অ্যাক্রিডিটেশন আপিল কমিটি’ পুনর্গঠন করেছে সরকার। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় গত ১৪ মে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে। প্রজ্ঞাপনে সই করেছেন মন্ত্রণালয়ের উপসচিব খাদিজা তাহেরা ববি।
প্রজ্ঞাপন অনুযায়ী, নবগঠিত কমিটির সভাপতি করা হয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিবকে।
কমিটির অন্য সদস্যরা হলেন: ১. আবু আব্দুল্লাহ এম ছালেহ, প্রেস সচিব, প্রেস উইং, প্রধানমন্ত্রীর কার্যালয়। ২. মোঃ আব্দুস সবুর, সচিব, বাংলাদেশ প্রেস কাউন্সিল। ৩. আবদুল হাই শিকদার, সম্পাদক, দৈনিক যুগান্তর। ৪. আকমল হোসেন, প্রধান নির্বাহী কর্মকর্তা, ইন্ডিপেনডেন্ট টেলিভিশন। ৫. ইলিয়াস উদ্দিন খান, উপদেষ্টা সম্পাদক, ডেইলি টাইমস অব বাংলাদেশ। ৬. সৈয়দ আবদাল আহমদ, প্রধান তথ্য অফিসার, তথ্য অধিদফতর -সদস্য-সচিব।
একই সঙ্গে গত ২৮ অক্টোবর ২০২৫ তারিখের প্রজ্ঞাপনে গঠিত ‘প্রেস অ্যাক্রিডিটেশন আপিল কমিটি’ বাতিল করা হয়েছে।
প্রজ্ঞাপনে কমিটির কার্যপরিধি উল্লেখ করা হয়েছে। তাতে বলা হয়, প্রেস অ্যাক্রিডিটেশন কমিটির সিদ্ধান্তে কেউ সংক্ষুব্ধ হলে আপিল কমিটির কাছে আপিল করতে পারবেন। আপিলের আবেদন পাওয়ার ৩০ দিনের মধ্যে আপিল কমিটিকে নিষ্পত্তি করতে হবে।