পাবনা জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে অপহরণকারী চক্রের আট সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। অপহৃত দুই কলেজ শিক্ষার্থীকে উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (১৯ মে) দিবাগত রাতে পাবনা সদর উপজেলার হেমায়েতপুর ইউনিয়নের গোপালপুর মোড় এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন, রনি শেখ (২৫), জাহিদ ইসলাম হাতেম (২৫), শান্ত মিয়া (২৪), রাহাত আলী (২০), সেজান হোসেন (২৫), সাজ্জাদ হোসেন (২০), সোহেল রানা (৪০) ও রিফাত হোসেন (১৯)।
উদ্ধার হওয়ার দুই শিক্ষার্থী ঈশ্বরদী উপজেলার পিয়ারপুর এলাকার ব্যবসায়ী রফিকুল ইসলামের ছেলে মাজহারুল ইসলাম প্রান্ত (১৯) এবং তার বন্ধু তানভীর হোসেন তন্ময় (১৮)।
বুধবার (২০ মে) বিকেলে জেলা পুলিশ সুপার কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে এ সব তথ্য জানান পাবনার অতিরিক্ত পুলিশ সুপার রেজিনুর রহমান।
প্রেস ব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ সুপার জানান, ব্যবসায়ী রফিকুল ইসলামের ছেলে প্রান্ত ও তার বন্ধু তন্ময় মঙ্গলবার (১৯ মে) বিকেলে ঈশ্বরদী থেকে পাবনা শহরে যাওয়ার উদ্দেশে বাড়ি থেকে বের হয়। রাত সাড়ে ৯টার দিকে অপহরণকারীরা প্রান্তের মোবাইল ফোন ব্যবহার করে তার পরিবারের কাছে ফোন দিয়ে জানায়, দুইজনকে একটি মেয়েসহ আটক রাখা হয়েছে। তাদের মুক্তির জন্য ৩ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। একইসঙ্গে অপহৃতদের মারধর ও হত্যার হুমকিও দেওয়া হয়। ভুক্তভোগী পরিবার বিষয়টি পাবনা জেলা ডিবি পুলিশকে জানায়।
এরপর পুলিশ সুপার ছুফি উল্লাহর নির্দেশে ডিবি পুলিশের ওসি রাশিদুল ইসলামের নেতৃত্বে জেলা গোয়েন্দা শাখার চৌকস টিম তথ্যপ্রযুক্তির সহায়তায় দ্রুত অভিযানে নামে। অভিযানের এক পর্যায়ে রাত দেড়টার দিকে সদর উপজেলার হেমায়েতপুর ইউনিয়নের গোপালপুর মোড় এলাকায় অভিযান চালিয়ে অপহরণকারী চক্রের ৮ সদস্যকে গ্রেপ্তার ও অপহৃত দুই শিক্ষার্থীকে উদ্ধার করা হয়।
অতিরিক্ত পুলিশ সুপার রেজিনুর রহমান জানান, অভিযানকালে অপহরণ কাজে ব্যবহৃত চারটি মোটরসাইকেল ও কয়েকটি মোবাইল ফোন জব্দ করা হয়। উদ্ধার দুই শিক্ষার্থীকে প্রাথমিক চিকিৎসা শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
এ ঘটনায় পাবনা সদর থানায় অপহরণ ও চাঁদাবাজির অভিযোগে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।