সারা বাংলা

এসএসসি পরীক্ষা শেষে নদে গোসলে নেমে দুই বন্ধুর মৃত্যু

তীব্র গরমে একটু প্রশান্তির আশায় পরীক্ষা শেষে বাড়ি ফিরে গড়াই নদে গোসল করতে গিয়েছিল দুই এসএসসি পরীক্ষার্থী। সেই প্রশান্তির গোসলই কাল হলো তাদের জন্য। নদের পানিতে ডুবে অকালে প্রাণ হারিয়েছে এই দুই শিক্ষার্থী।

বুধবার (২০ মে) বেলা ২টার দিকে কুষ্টিয়া শহর সংলগ্ন হরিপুর ব্রিজ এলাকায় গড়াই নদে ডুবে তাদের মৃত্যু হয়।

নিহতরা হলো- সদর উপজেলার হাটস হরিপুর এলাকার নুরুল ইসলাম এর ছেলে সাকিবুল ইসলাম (১৭) ও মাহাবুল ইসলামের ছেলে অপূর্ব ইফতি তাইফ (১৬)।

পারিবারিক সূত্র ও ফায়ার সার্ভিস সূত্র জানিয়েছে, দুই শিক্ষার্থী হাটস হরিপুর মাধ্যমিক বিদ্যালয় থেকে এবারের এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে। তারা পূর্ব পরিচিত এবং বন্ধু।

বুধবার পরীক্ষা শেষে তারা ঠিক করে তীব্র গরম থেকে একটু প্রশান্তি পেতে গড়াই নদে গোসলে যাবে। বেলা ২টার দিকে তারা হরিপুর ব্রিজ এলাকায় গড়াই নদে নামে। একপর্যায়ে তারা নদের স্রোতে তলিয়ে যায়। স্থানীয়রা দেখতে পেয়ে কুষ্টিয়া ফায়ার সার্ভিসে খবর দেয়।

ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই স্থানীয়রা দুই শিক্ষার্থীকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাদের মৃত ঘোষণা করেন।

কুষ্টিয়া ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আরশেদ আলী বলেন, “স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে গিয়েছিলেন। তবে, তার আগেই স্থানীয়রা দুজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।”