মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সঙ্গে আলোচনা চূড়ান্ত পর্যায়ে রয়েছে। তবে ইরান চুক্তিতে রাজি না হলে আরো হামলা হবে। বুধবার (২০ মে) সাংবাদিকদের কাছে তিনি এ কথা বলেছেন।
যুদ্ধবিরতির জন্য ট্রাম্প ‘অপারেশন এপিক ফিউরি’ স্থগিত করার ছয় সপ্তাহ পর, যুদ্ধ শেষ করার আলোচনায় এখন পর্যন্ত সামান্যই অগ্রগতি হয়েছে। ট্রাম্প চলতি সপ্তাহে জানিয়েছেন, তিনি আরো হামলার নির্দেশ দেওয়ার খুব কাছাকাছি চলে এসেছিলেন, কিন্তু আলোচনার জন্য আরো সময় দিতে তা থেকে বিরত থেকেছেন।
বুধবার তিনি সাংবাদিকদের বলেন, “আমরা ইরানের সাথে আলোচনার শেষ পর্যায়ে আছি। দেখা যাক কী হয়। হয় একটি চুক্তি হবে, নাহলে আমরা কিছুটা কঠোর পদক্ষেপ নেব, তবে আশা করি তেমনটা ঘটবে না।”
ট্রাম্প বলেছেন, “আমরা এবার চেষ্টা করে দেখব। আমার কোনো তাড়া নেই। আদর্শগতভাবে আমি চাইব অনেক মানুষের মৃত্যুর পরিবর্তে অল্প কিছু মানুষ নিহত হোক। আমরা যেকোনোভাবেই এটা করতে পারি।”
অন্যদিকে, তেহরান ট্রাম্পের বিরুদ্ধে যুদ্ধ পুনরায় শুরু করার ষড়যন্ত্রের অভিযোগ করেছে এবং যেকোনো হামলার জবাবে মধ্যপ্রাচ্যের বাইরেও হামলা চালানোর হুমকি দিয়েছে।
বিপ্লবী রক্ষীবাহিনী এক বিবৃতিতে বলেছে, “যদি ইরানের বিরুদ্ধে আগ্রাসনের পুনরাবৃত্তি ঘটে, তবে প্রতিশ্রুত আঞ্চলিক যুদ্ধ এবার এই অঞ্চলের বাইরেও ছড়িয়ে পড়বে।”