ক্যাম্পাস

আন্তর্জাতিক রোভার প্রতিযোগিতায় রুয়েটের সাফল্য

আন্তর্জাতিক রোভার প্রতিযোগিতা Anatolian Rover Challenge (ARC) 2026-এ বিশ্বব্যাপী ১৩ তম স্থান অর্জন করেছে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) রোভার গবেষণা দল ‘টিম অগ্রদূত’।

একইসঙ্গে ডিজাইন ক্যাটাগরিতে ৫০-এর মধ্যে ৪৮ দশমিক ৫৯ নম্বর পেয়ে প্রতিযোগিতার অন্যতম সেরা স্কোর অর্জন করেছে দলটি। আগামী ২৯ জুলাই থেকে ২ আগস্ট পর্যন্ত তুরস্কের আঙ্কারায় অবস্থিত মিডল ইস্ট টেকনিক্যাল ইউনিভার্সিটি (METU) ক্যাম্পাসে প্রতিযোগিতাটির মূল পর্ব অনুষ্ঠিত হবে।

২০১৭ সালে প্রতিষ্ঠিত টিম অগ্রদূত শুরু থেকেই দেশ-বিদেশের বিভিন্ন মর্যাদাপূর্ণ রোভার ও স্পেস রোবোটিক্স প্রতিযোগিতায় ধারাবাহিক সাফল্য অর্জন করে আসছে। ২০১৮ সালের ইন্ডিয়ান রোভার চ্যালেঞ্জে অংশ নিয়ে দলটি এশিয়ার শীর্ষ প্রতিযোগীদের মধ্যে ষষ্ঠ স্থান অর্জন করে। এছাড়া, ২০১৯ সালে পোল্যান্ডে অনুষ্ঠিত ইরোপিয়ান রোভার চ্যালেঞ্জে বিশ্বব্যাপী ২৭ তম স্থান লাভ করে আন্তর্জাতিক অঙ্গনে নিজেদের সক্ষমতার প্রমাণ দেয়।

পাশাপাশি International Rover Design Challenge (IRDC) 2023-এ দলটি বিশ্বে ১১ তম এবং বাংলাদেশে প্রথম স্থান অর্জন করে ব্যাপক সাড়া ফেলে। একই ধারাবাহিকতায় IRDC 2025-এ সেমিফাইনালিস্ট এবং IRC 2025-এ ফাইনালিস্ট হওয়ার মাধ্যমে দলটি বাংলাদেশের অন্যতম সফল রোভার টিম হিসেবে নিজেদের অবস্থান আরো শক্তিশালী করেছে।

শুধু প্রতিযোগিতামূলক সাফল্য নয়, বাস্তব প্রযুক্তিগত উদ্ভাবনেও টিম অগ্রদূতের অবদান উল্লেখযোগ্য। ২০২৪ সালে দলটি বাংলাদেশ সেনাবাহিনীর জন্য একটি বোম্ব ডিসপোজাল রোবট তৈরি করে, যা তাদের বাস্তবমুখী প্রকৌশল দক্ষতা ও গবেষণার সক্ষমতার প্রতিফলন হিসেবে বিবেচিত হয়।

টিম অগ্রদূতের মূল লক্ষ্য উন্নত অটোনোমাস রোভার প্রযুক্তির উন্নয়ন এবং তরুণ প্রকৌশলীদের হাতে-কলমে গবেষণা ও উদ্ভাবনের সুযোগ তৈরি করা। আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করার পাশাপাশি ভবিষ্যৎ প্রজন্মের উদ্ভাবকদের অনুপ্রাণিত করাই দলটির ভিশন।

বর্তমানে দলটি এআরসি ২০২৬-এর চূড়ান্ত প্রস্তুতির পাশাপাশি ভবিষ্যতে আরো বড় আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নেওয়ার পরিকল্পনা করছে। অত্যাধুনিক রোভার ডিজাইন, অটোনোমাস নেভিগেশন, সায়েন্টিফিক অ্যানালাইসিস এবং রিয়েল-টাইম অপারেশন নিয়ে তাদের চলমান গবেষণা ইতোমধ্যেই প্রযুক্তিপ্রেমী শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি করেছে।

আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের প্রযুক্তিগত সক্ষমতা তুলে ধরতে এবং তরুণদের উদ্ভাবনী শক্তিকে এগিয়ে নিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে টিম অগ্রদূত। বিশ্ব রোবোটিক্স অঙ্গনে বাংলাদেশের অবস্থান আরো দৃঢ় করাই তাদের মূল লক্ষ্য।