মৌসুমী অভিনীত ‘কন্ট্র্যাক্ট ম্যারেজ’ সিনেমার সার্টিফিকেশন সাময়িকভাবে স্থগিত (সাসপেন্ড) করেছিল বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড। এ সিদ্ধান্ত ৩ মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট।
বৃহস্পতিবার (২১ মে) এক রিটের প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি মো. হাবিবুল গনি ও বিচারপতি সৈয়দ মোহাম্মদ তাজরুল হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রুলসহ এ আদেশ দেন।
এ আদেশের ফলে ‘কন্ট্র্যাক্ট ম্যারেজ’ সিনেমা প্রেক্ষাগৃহসহ অন্য কোনো মাধ্যমে প্রদর্শনে আইনি কোনো বাধা নেই বলে জানিয়েছেন রিট আবেদনকারীর আইনজীবী নকিব সাইফুল ইসলাম।
গত ১৫ মে প্রেক্ষাগৃহে মুক্তির কথা ছিল হাসান জাহাঙ্গীর পরিচালিত ‘কন্ট্র্যাক্ট ম্যারেজ’ সিনেমা। তবে ১৩ মে সিনেমাটির সার্টিফিকেশন সাময়িকভাবে স্থগিত করে বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড।
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের দেওয়া এ–সংক্রান্ত সিদ্ধান্তে বলা হয়, এ আদেশ অবিলম্বে কার্যকর হবে। পুনরাদেশ না দেওয়া পর্যন্ত চলচ্চিত্রটি বাংলাদেশের কোনো প্রেক্ষাগৃহ বা অন্য কোনো মাধ্যমে প্রদর্শন করা যাবে না। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে অভিনেত্রী জেবা জান্নাতের লিখিত অভিযোগের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়।
গত ১৯ মে, বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের এ সিদ্ধান্তের বৈধতা নিয়ে সিনেমাটির প্রযোজক ও পরিচালক হাসান জাহাঙ্গীর রিটটি করেন। আদালতে রিট আবেদনকারীর পক্ষে শুনানি করেন আইনজীবী নকিব সাইফুল ইসলাম। রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল আবদুল করিম।
‘কন্ট্র্যাক্ট ম্যারেজ’ সিনেমায় মৌসুমীর বিপরীতে অভিনয় করেছেন নির্মাতা ও অভিনেতা হাসান জাহাঙ্গীর। ২০২৩ সালে যুক্তরাষ্ট্রে এর শুটিং শুরু হয়। তখন নির্মাতা জানিয়েছিলেন, এটি সাসপেন্স-থ্রিলারধর্মী একটি গল্প, যা মৌসুমীর চরিত্রকে কেন্দ্র করেই আবর্তিত হবে।