সারা বাংলা

গাইবান্ধায় ৪৬৭ বস্তা ভিজিএফ চাল ভর্তি ২ নৌকা ডুবি

গাইবান্ধায় প্রবল ঝড়-বৃষ্টিতে ৪৬৭ বস্তা ভিজিএফ চাল ভর্তি দুটি নৌকা ডুবে গেছে। বৃহস্পতিবার (২১ মে) সকাল সাড়ে ৮টার দিকে ফুলছড়ি উপজেলার ব্রহ্মপুত্র নদের বালাসী ঘাটে এ ঘটনা ঘটে।

ঘটনার বর্ণনা দিয়ে ফুলছড়ি উপজেলার এড়েন্ডাবাড়ী ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা আবতাব রহমান জানান, ঈদের আগে এড়েন্ডাবাড়ী ইউনিয়নের হতদরিদ্রদের মাঝে ভিজিএফ চাল সহায়তা দেওয়ার জন্য ফুলছড়ি উপজেলার কালিরবাজার থেকে বালাসীঘাটে ৪টি নৌকায় ৯৩৬ বস্তা চাল বোঝাই করা হয়। সকাল সাড়ে ৮টার দিকে নৌকাগুলো ঘাট থেকে ছাড়ার প্রস্তুতি নিচ্ছিল। এ সময় হঠাৎ প্রবল বেগে ঝড়-বৃষ্টি শুরু হয়। ঝড়ো বাতাসে দুটি নৌকায় ৪৬৭টি ৩০ কেজি ওজনের চালের বস্তাসহ নৌকার বেশির ভাগ অংশ ডুবে যায়। স্থানীয়ভাবে উদ্ধার কাজ চলছে।

‎ফুলছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমান বলেন, চাল বুধবার (২০ মে) রাতে গুদাম থেকে সংশ্লিষ্ট ইউনিয়নের সচিবকে বুঝিয়ে দেওয়া হয়। তারা রাতেই চালের বস্তাগুলো নৌকায় সাজিয়ে রাখে, যাতে সকালে ইউনিয়ন পরিষদে চালগুলো বিতরণ করা যায়। কিন্তু সকালের আকষ্মিক ঝড়ে নৌকা ডুবির ঘটনা ঘটে। 

তিনি আরো জানান, চালের বস্তাগুলো উদ্ধার কাজ চলছে। উদ্ধার কাজ শেষ হলে প্রকৃত ক্ষতির পরিমাণ নিশ্চিত হওয়া যাবে।