প্রতি বছরের মতো এবারও রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদে পর্যায়ক্রমে ৫টি ঈদের জামাত অনুষ্ঠিত হবে।
মঙ্গলবার (১৯ মে) ইসলামিক ফাউন্ডেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানা যায়, নির্ধারিত কোনো জামাতে ইমাম অনুপস্থিত থাকলে বিকল্প ইমাম ঠিক রাখা হয়েছে। সংশ্লিষ্ট ইমাম ও মুকাব্বিরদের যথাসময়ে দায়িত্ব পালনের আহ্বান জানানো হয়েছে।
জামাতের সময়সূচি ও ইমামগণের তালিকা:
প্রথম জামাত: সকাল ৭টায় ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত হবে। এতে ইমামতি করবেন বায়তুল মোকাররমের সিনিয়র পেশ ইমাম হাফেজ মাওলানা মুফতি মো. মিজানুর রহমান। মুকাব্বির থাকবেন মসজিদের মুয়াজ্জিন কারি ইসহাক।
দ্বিতীয় জামাত: সকাল ৮টায় অনুষ্ঠিত হবে দ্বিতীয় জামাত। ইমাম হিসেবে থাকবেন ইসলামিক ফাউন্ডেশনের জাকাত ফান্ড বিভাগের পরিচালক (রুটিন দায়িত্ব) ড. মাওলানা ওয়ালীয়ুর রহমান খান। মুকাব্বিরের দায়িত্ব পালন করবেন মসজিদের চিফ খাদেম মো. নাসির উল্লাহ।
তৃতীয় জামাত: সকাল ৯টায় তৃতীয় জামাত অনুষ্ঠিত হবে। জামাতে ইমামতি করবেন ইসলামিক ফাউন্ডেশনের মুফতি মো. আব্দুল্লাহ। মুকাব্বির হিসেবে থাকবেন মো. রুহুল আমিন।
চতুর্থ জামাত: সকাল ১০টায় চতুর্থ জামাত অনুষ্ঠিত হবে। এতে ইমামতি করবেন ইসলামিক ফাউন্ডেশনের দ্বীনি দাওয়াত ও সংস্কৃতি বিভাগের উপ-পরিচালক মাওলানা মোহাম্মদ নূর উদ্দীন। মুকাব্বিরের দায়িত্ব পালন করবেন মো. আব্দুল হাদী।
পঞ্চম ও সর্বশেষ জামাত: সকাল ১০টা ৪৫ মিনিটে অনুষ্ঠিত হবে শেষ জামাত। এতে ইমাম হিসেবে থাকবেন ইমাম প্রশিক্ষণ একাডেমির ধর্মীয় প্রশিক্ষক জুবাইর আহাম্মদ আল-আযহারী। মুকাব্বির থাকবেন মো. আমির হোসেন।
পাঁচটি জামাতে বিকল্প ইমাম হিসেবে দায়িত্ব পালন করবেন ইসলামিক ফাউন্ডেশনের সহকারী লাইব্রেরিয়ান মো. শহিদুল ইসলাম। এছাড়া বিকল্প মুকাব্বিরের দায়িত্ব পালন করবেন মো. শামসুল হক।
উল্লেখ্য, আগামী ২৮ মে (বৃহস্পতিবার) দেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে।