সারা বাংলা

ঈদযাত্রায় পাটুরিয়া-আরিচায় চলবে ২২ ফেরি, ৩৩ লঞ্চ

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ঘরমুখো মানুষের নির্বিঘ্ন যাত্রা নিশ্চিত করতে মানিকগঞ্জের পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা-কাজিরহাট নৌপথে বিশেষ প্রস্তুতি নিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। ঈদযাত্রাকে স্বস্তিদায়ক করতে এই দুটি নৌরুটে ২২টি ফেরি ও ৩৩টি লঞ্চ চলাচল করবে।

ঘাট সংশ্লিষ্টরা জানান, ঈদের আগের কয়েকদিন এই নৌরুট দুটিতে যানবাহনের চাপ কয়েকগুণ বেড়ে যায়। বিশেষ করে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার মানুষের ভরসা  পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা-কাজিরহাট নৌপথ। তাই যাত্রী ও যানবাহন নির্বিঘ্ন পারাপারের জন্য সার্বক্ষণিক তদারকি জোরদার করা হয়েছে।

পাটুরিয়া লঞ্চ ঘাটের ব্যবস্থাপক পান্না লাল নন্দী বলেন, “পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ২০ টি ও আরিচা-কাজিরহাট নৌরুটে ১৩ টি লঞ্চ প্রস্তুত করা হয়েছে। ঈদ যাত্রায় যাত্রীদের ভোগান্তি এড়াতে সব প্রস্তুতি নেওয়া হয়েছে।” 

বিআইডব্লিউটিসির আরিচা কার্যালয়ের মহাব্যবস্থাপক (বাণিজ্য)  সালাম হোসেন বলেন, “ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। ফেরিগুলোকে সচল রাখতে নিয়মিত রক্ষণাবেক্ষণ করা হচ্ছে। পাশাপাশি ঘাট এলাকায় শৃঙ্খলা বজায় রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও দায়িত্ব পালন করবেন।”

শিবালয় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনীষা রানী কর্মকার বলেন, “যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে অতিরিক্ত নজরদারি, ভ্রাম্যমাণ আদালত ও উদ্ধার টিম প্রস্তুত রাখা হয়েছে। লঞ্চে অতিরিক্ত যাত্রী বহন ঠেকাতে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।”

বিআইডব্লিউটিএর আরিচা কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী রবিউল আলম বলেন, “ঘাট এলাকায় যানজট এড়াতে ট্রাফিক ব্যবস্থাপনাও জোরদার করা হয়েছে। যাত্রীদের দুর্ভোগ কমাতে আলাদা লেন, পার্কিং ব্যবস্থা এবং পর্যাপ্ত তথ্যসেবা নিশ্চিত করা হবে। সমন্বিত এই ব্যবস্থাপনার ফলে এবারের ঈদযাত্রায় পাটুরিয়া-আরিচা নৌপথে ভোগান্তি অনেকটাই কমবে।”