ক্যাম্পাস

ঈদযাত্রায় শিক্ষার্থীদের বাস দিচ্ছে বেরোবি

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) শাখা ছাত্রদলের আবেদনের পরিপ্রেক্ষিতে ঈদে বাড়ি ফেরা শিক্ষার্থীদের জন্য বাস সেবার ব্যবস্থা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বৃহস্পতিবার (২১ মে) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের পরিবহন পুলের পরিচালক মাসুদ রানা।

তিনি জানান, বিশ্ববিদ্যালয়-ঢাকা, বিশ্ববিদ্যালয়-বগুড়া হয়ে নাটোর এবং বিশ্ববিদ্যালয়-তিস্তা-কুড়িগ্রাম রুটে একটি করে বাস চলবে। এছাড়া, বিশ্ববিদ্যালয়-সৈয়দপুর-ঠাকুরগাঁও-পঞ্চগড় রুটে দুটি বাস চলাচলের অনুমোদন দেওয়া হয়েছে।

তিনি আরো জানান, শিক্ষার্থীদের সুবিধার্থেই প্রশাসন এ উদ্যোগ নিয়েছে। এটি একটি নতুন ধারা হিসেবে শুরু হলো। ভবিষ্যতে বিশ্ববিদ্যালয়ের বাজেটে এ ধরনের খাতে বরাদ্দ বাড়ানো হলে আগামী বছরগুলোতে আরো বিস্তৃত পরিসরে বাসসেবা দেওয়া সম্ভব হবে।

বেরোবি ছাত্রদলের সভাপতি ইয়ামিন ইসলাম বলেন, “ঈদুল আজহার ছুটিতে শিক্ষার্থীদের নির্বিঘ্ন, নিরাপদ ও আনন্দমুখরভাবে বাড়ি ফেরার জন্য আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে বিভিন্ন রুটে বাসসেবার দাবি জানিয়েছিলাম। আগামী ২৩ মে সকাল সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয় থেকে বিভিন্ন রুটে বাস ছেড়ে যাবে। শিক্ষার্থীদের প্রত্যাশায় সাড়া দেওয়ায় বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ধন্যবাদ জানাই। সবার ঈদযাত্রা নিরাপদ ও আনন্দমুখর হোক। সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা, ঈদ মোবারক।”