সারা বাংলা

সিলেটে ছিনতাইকারীর ছুরিকাঘাতে র‌্যাব সদস্য নিহত

সিলেট নগরীতে পুলিশের ধাওয়া খেয়ে পালানো ছিনতাইকারীর ছুরিকাঘাতে ইমন আচার্য নামে এক র‌্যাব সদস্যের মৃত্যু হয়েছে। এ ঘটনায় পুলিশ অভিযুক্ত ছিনতাইকারীকে আটক করেছে।

শুক্রবার (২২ মে ) দুপুর দেড়টার দিকে সিলেট এম এজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় র‌্যাব সদস্যের মৃত্যু হয়। এর আগে, সকালে নগরীর তোপখানা এলাকায় ইমন আচার্য ছুরিকাঘাতের শিকার হন।

র‌্যাব-৯ এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ এ তথ্য জানিয়েছেন।

অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ বলেন, “শুক্রবার সকালে সিলেট মেট্রোপলিটন কোতোয়ালি থানার পশ্চিম পাশে পুলিশের একটি দল এক ছিনতাইকারীকে ধরার জন্য ধাওয়া করছিল। এসময় ব্যক্তিগত কোনো কাজে সাদা পোশাকে র‌্যাব সদস্য ইমন আচার্য সেখানে ছিলেন। পুলিশকে ছিনতাইকারীর পেছনে দৌঁড়াতে দেখে তিনি তাকে ধরার চেষ্টা করেন। ধস্তাধস্তির এক পর্যায়ে ছিনতাইকারী ইমন আচার্যের বুকের বা পাশে ছুরিকাঘাত করে। গুরুতর আহত অবস্থায় তাকে দ্রুত ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে দুপুর দেড়টার দিকে ইমন আচার্য মারা যান।”

তিনি আরো বলেন, “এ ঘটনায় পুলিশ অভিযুক্ত ছিনতাইকারীকে আটক করেছে।”

এদিকে, বিকেল সাড়ে ৩ টার দিকে এ ঘটনায় সংবাদ সম্মেলন করা হবে বলে জানিয়েছেন সিলেট কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) খান মাঈনুল জাকির।