সংবাদ প্রকাশের জের ধরে রংপুরের পীরগাছায় সাংবাদিক আব্দুল কুদ্দুছ সরকারের ওপর হামলার ঘটনায় দুই শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (২২ মে) বিকেলে তাদেরকে আদালতে পাঠানো হয়েছে।
এর আগে বৃহস্পতিবার (২১ মে) দিবাগত রাতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ওই দুজনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার দুজন হলেন— পীরগাছা সদর ইউনিয়নের তালুক ঈশাদ (শটিপাড়া) গ্রামের বাসিন্দা ও স্বচাষ তালতলা দাখিল মাদ্রাসার সুপারিনটেনডেন্ট লুৎফর রহমান (৫৫) এবং পূর্ব চন্ডিপুর গ্রামের বাসিন্দা ও রামচন্দ্র মৌজা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক লুৎফর রহমান (৪৫)।
পীরগাছা থানার উপ-পরিদর্শক (এসআই) মোস্তফা কামাল বলেন, “বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে দুই লুৎফরকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।”
পীরগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার এ কে এম মুহিব্বুল ইসলাম বলেছেন, “সাংবাদিকের ওপর হামলার ঘটনায় দ্রুততার সঙ্গে আসামিদের গ্রেপ্তার করা হয়েছে।”
দাখিল পরীক্ষায় ভুয়া পরীক্ষার্থী, জাল সনদ ও নকল বাণিজ্যের সংবাদ প্রকাশের জের ধরে গত বুধবার (২০ মে) রাতে সাংবাদিক আব্দুল কুদ্দুছ সরকারের ওপর সংঘবদ্ধ হামলা চালানো হয়। আহত আব্দুল কুদ্দুছ সরকার দৈনিক সংবাদের পীরগাছা প্রতিনিধি ও পীরগাছা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক।