ময়মনসিংহের ফুলবাড়িয়ায় মাঠে গরু আনতে গিয়ে বজ্রপাতে ইদ্রিস আলী ফকির (৬৫) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে।
শুক্রবার (২২ মে) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার রাঙামাটিয়া ইউনিয়নের হাতীলেইট এলাকায় এ ঘটনা ঘটে। ইদ্রিস আলী ওই গ্রামের সাবান আলী ফকিরের ছেলে।
স্থানীয় ইউপি সদস্য মো. মাসুদ বলেন, “সকালে গুঁড়িগুঁড়ি বৃষ্টি হচ্ছিল। এ সময় ইদ্রিস আলী ফকির ছাতা মাথায় দিয়ে মাঠে গরু আনতে যান। হঠাৎ বজ্রপাত গুরুতর আহত হন তিনি। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে মারা যান।”
ফুলবাড়িয়া থানার ওসি রাশেদুল হাসান বলেন, “বজ্রপাতে নিহতের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।”