বিনোদন

অনুসারীর নিরিখে সবচেয়ে বেশি জনপ্রিয় কে?

বর্তমানে তারকাদের জনপ্রিয়তা পরিমাপ করার অন্যতম বড় মাধ্যম হয়ে উঠেছে ইনস্টাগ্রাম। সিনেমার প্রচার, ব্র্যান্ড শুট, ছুটির দিনের ছবি কিংবা রেড কার্পেট লুক—ভক্তদের সঙ্গে সংযোগ বজায় রাখতে অভিনেত্রীরা নিয়মিত নিজেদের উপস্থিতি জানান দেন। কিন্তু বলিউড অভিনেত্রীদের মধ্যে ইনস্টাগ্রামে সবচেয়ে বেশি অনুসারী কাদের? চলুন তা জেনে নিই—

শ্রদ্ধা কাপুর এ তালিকার শীর্ষে রয়েছেন বলিউড অভিনেত্রী শ্রদ্ধা কাপুর। মজার ব্যাপার হলো—ইনস্টাগ্রামে খুব বেশি আড়ম্বরপূর্ণ বা অতিরিক্ত সক্রিয় নন তিনি। সাধারণ পোস্ট, খাবারের ছবি, পোষা প্রাণীর নানা মুহূর্ত কিংবা ভক্তবান্ধব কনটেন্ট শেয়ার করেই দর্শকদের সঙ্গে গভীর সংযোগ বজায় রেখেছেন। তার অনুসারীর সংখ্যা ৯৩ মিলিয়ন। 

প্রিয়াঙ্কা চোপড়া তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছেন বলিউড ও হলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। বলিউডে দীর্ঘ ক্যারিয়ার, হলিউডে উপস্থিতি, আন্তর্জাতিক ইভেন্ট এবং বৈশ্বিক ব্র্যান্ড ইমেজ—সব মিলিয়ে ভারতীয় অভিনেত্রীদের মধ্যে অন্যতম শক্তিশালী ভক্তগোষ্ঠী ধরে রেখেছেন এই অভিনেত্রী। ইনস্টাগ্রামে তার অনুসারীর সংখ্যা ৯২.৯ মিলিয়ন। শ্রদ্ধার খুব কাছাকাছি তার অবস্থান।  

আলিয়া ভাট ৮৫.৫ মিলিয়ন অনুসারী নিয়ে তৃতীয় স্থানে রয়েছেন বলিউড অভিনেত্রী আলিয়া ভাট। বড় বাজেটের সিনেমা, বিলাসবহুল ব্র্যান্ড, পারিবারিক মুহূর্ত এবং ফ্যাশন উপস্থিতির সমন্বয়ে তার ইনস্টাগ্রাম ব্যক্তিগত ও পেশাগত জীবনের এক মিশ্র প্রতিচ্ছবি, যা তাকে নিয়মিত আলোচনায় রাখে।

দীপিকা পাড়ুকোন বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন এ তালিকার চতুর্থ অবস্থানে রয়েছেন। প্রতিদিন পোস্ট করেন না দীপিকা, তারপরও তার তারকাখ্যাতি, ফ্যাশন সেন্স এবং আন্তর্জাতিক আবেদন তাকে সবচেয়ে বেশি অনুসরণ করা অভিনেত্রীদের তালিকায় ধরে রেখেছে। এ মাধ্যমে দীপিকাকে অনুসরণ করেন—৭৮.৭ মিলিয়ন ভক্ত-অনুরাগী।

ক্যাটরিনা কাইফ অভিনয়ে এখন নেই বললেই চলে, তবু সবেচেয়ে বেশি অনুসারীর তালিকায় ঠিকই জায়গা করে নিয়েছেন বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফ। ৭৮.৬ মিলিয়ন ফলোয়ার নিয়ে তার অবস্থান পঞ্চম। তার ইনস্টাগ্রাম তুলনামূলকভাবে পরিমিত ও বাছাই করা পোস্টে ভরা হলেও, বছরের পর বছর ধরে তার বিশ্বস্ত ভক্তরা তাকে সামাজিক যোগাযোগমমাধ্যমে অন্যতম জনপ্রিয় অভিনেত্রী হিসেবে ধরে রেখেছেন।