কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় মহানবী হযরত মুহাম্মদ (সা.) ও আয়েশা (রা.)-কে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আপত্তিকর পোস্ট দেওয়ার অভিযোগে এক যুবককে আটক করেছে পুলিশ।
শুক্রবার (২২ মে) দুপুর আড়াইটার দিকে উপজেলার উমরমজিদ ইউনিয়নের নওদাবস বড়বাড়ি গ্রাম থেকে মাইদুল ইসলাম (মানিক) নামে ওই যুবককে আটক করা হয়। তিনি একই গ্রামের বকশা মিয়ার ছেলে।
রাজারহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মামুনুর রশীদ এ তথ্য জানান।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, অভিযুক্ত মাইদুল ইসলাম মানিক তার ফেসবুক আইডি থেকে মহানবী (সা.) ও আয়েশা (রা.)-কে নিয়ে আপত্তিকর একটি পোস্ট করেন। পোস্টটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকাবাসী বিক্ষুব্ধ হয়ে ওঠেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং অভিযুক্তকে আটক করে থানায় নিয়ে যায়।
রাজারহাট থানার ওসি মো. মামুনুর রশীদ বলেন, “ফেসবুকে ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার অভিযোগে এক যুবককে আটক করা হয়েছে। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে। শনিবার (২৩ মে) সকালে তাকে আদালতে পাঠানো হবে।”