কুষ্টিয়ার খোকসায় বাস ও ট্রাকের মধ্যে সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ২০ জন।
শনিবার (২৩ মে) বেলা সাড়ে ১১টার দিকে খোকসার শিমুলিয়া দক্ষিণ কুঠিপাড়া মসজিদের সামনে কুষ্টিয়া-রাজবাড়ী মহাসড়কে দুর্ঘটনাটি ঘটে।
কুষ্টিয়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু ওবায়েদ দুর্ঘটনায় মৃত্যুর তথ্য জানিয়েছেন। তাৎক্ষণিকভাবে তিনি নিহতদের নাম জানাতে পারেননি।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, কুষ্টিয়া থেকে পাংশাগামী ডাম্প ট্রাকের সঙ্গে রাজবাড়ী থেকে কুষ্টিয়াগামী যাত্রীবাহী বাসের (ঢাকা মেট্রো ব-১৩ ০০৯৩) সংঘর্ষ হয়। এ সময় বাসটি উল্টে পুকুরে পড়ে যায়। ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যান।