অর্থনীতি

কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতিতে দ্রুত নির্বাচনের আহ্বান

বাণিজ্য সংগঠন বাংলাদেশ কেমিষ্টস অ্যান্ড ড্রাগিষ্টস সমিতিতে প্রশাসকের কার্যক্রম অব্যাহত রাখা এবং দ্রুত সুষ্ঠু নির্বাচন আয়োজনের দাবি জানিয়েছেন সংগঠনটির একাংশের নেতারা।

শনিবার (২৩ মে) রাজধানীরা সেগুনবাগিচা ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইঊ) সাগর রুনী মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই দাবি তুলে ধরেন কেমিষ্টস বান্ধব ঐক্য পরিষদের সভাপতি ও কেমিষ্টস অ্যান্ড ড্রাগিষ্টস সমিতির-বিসিডিএসের সাবেক পরিচালক আনোয়ার হোসেন বেলু। 

এ সময় সংগঠনের সাবেক কয়েকজন পরিচালক ও নেতারাও উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে বলা হয়, দেশে ওষুধের খুচরা ও পাইকারি ব্যবসার সঙ্গে প্রায় ৬ থেকে ৭ লাখ ব্যবসায়ী জড়িত। অথচ বিসিডিএসের সর্বশেষ কেন্দ্রীয় নির্বাচনে ১৬ হাজারের বেশি ভোটার ছিলেন।

সংবাদ সম্মেলনে জানানো হয়, ২০২৪ সালের নির্বাচনের পর সংগঠনের নেতৃত্বে অনিয়ম ও দ্বন্দ্ব তৈরি হয়। তৎকালীন সভাপতি শাহজালাল বাচ্চু বিদেশে চলে যাওয়ার পর সংঘবিধি অনুযায়ী দায়িত্ব হস্তান্তর না করে দ্বিতীয় সহ-সভাপতিকে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব দেওয়া হয়।

এ নিয়ে উচ্চ আদালতে রিট হলে আদালত প্রশাসক নিয়োগের নির্দেশনা দেন বলে দাবি করেন তারা। পরে বাণিজ্য মন্ত্রণালয় একজন যুগ্ম সচিবকে প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়। তবে ওই নিয়োগ নিয়ে আইনি জটিলতা তৈরি হয় এবং বিষয়টি সুপ্রিম কোর্ট পর্যন্ত গড়ায়।

সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, আদালতের নির্দেশনার পরও একটি পক্ষ সংগঠনের কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এমনকি কেন্দ্রীয় কার্যালয়ের বাইরে সভা আহ্বান করে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে বলেও দাবি  করেন তারা।

সংবাদ সম্মেলনে কেমিস্ট বান্ধব ঐক্য পরিষদের নেতারা বলেন, “বর্তমান কমিটির মেয়াদ শেষ হওয়ার সময় ঘনিয়ে এলেও এখনো নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়নি। ফলে সংগঠনে অনিশ্চয়তা ও অচলাবস্থা তৈরি হয়েছে।”

সংবাদ সম্মেলনে দ্রুত প্রশাসকের স্বাভাবিক কার্যক্রম নিশ্চিত করে সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচনের আয়োজন করতে কেমিস্ট বান্ধব ঐক্য পরিষদের নেতারা সরকারের প্রতি আহ্বান জানায়।