সারা বাংলা

শরীয়তপুরে রেল সংযোগের দাবিতে বিক্ষোভ 

ঢাকা-শরীয়তপুর-বরিশাল রেল যোগাযোগের দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন শরীয়তপুরের সর্বস্তরের জনগণ। শনিবার (২৩ মে) বিকেলে শরীয়তপুর কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে জেলা ট্রাফিক বক্সের সামনে গিয়ে শেষ হয়। এ কর্মসূচিতে শতাধিক মানুষ অংশ নেন।

এ সময় বক্তারা বলেন, দক্ষিণাঞ্চলের ২১ জেলার প্রবেশদ্বার হিসেবে গুরুত্বপূর্ণ অবস্থানে থাকা শরীয়তপুর জেলা এখনো রেল যোগাযোগ থেকে বঞ্চিত। ২০২২ সালে পদ্মা সেতু চালু হলেও জেলার মানুষ এখনো রেলের সুবিধা না পাওয়ায় অর্থনৈতিক উন্নয়ন ব্যাহত হচ্ছে। পাশাপাশি শিক্ষা, স্বাস্থ্য ও চিকিৎসাসহ বিভিন্ন খাতে কাঙ্ক্ষিত উন্নয়নের ছোঁয়া লাগেনি।

তারা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট প্রশাসনের উদাসীনতার কারণে ঢাকা–শরীয়তপুর–বরিশাল রেল সংযোগের দাবি বাস্তবায়িত হয়নি। অবিলম্বে এ প্রকল্প অনুমোদন ও ২০২৬ সালের মধ্যে রেল যোগাযোগ চালুর দাবি জানান তারা। অন্যথায় দাবি আদায়ে দক্ষিণাঞ্চলের ২১ জেলার রেল চলাচল বন্ধ করে দেওয়ার মতো আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দেন তারা।

আন্দোলনের সমন্বয়কারী ইমরান আল নাজির বলেন, পদ্মা সেতু চালুর মাধ্যমে জেলার ওপর দিয়ে রেললাইন চলে গেলেও স্থানীয় মানুষ রেল যোগাযোগের কোনো সুফল পাচ্ছে না। দ্রুত ঢাকা–শরীয়তপুর–বরিশাল রেল সংযোগ প্রকল্প বাস্তবায়নের দাবি জানিয়ে তিনি বলেন, চলতি বছরের মধ্যে এ বিষয়ে কার্যকর উদ্যোগ নিতে হবে। অন্যথায় শরীয়তপুরের ওপর দিয়ে কোনো রেল চলাচল করতে দেওয়া হবে না। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত রাখারও ঘোষণা দেন তিনি।

আন্দোলনকারী আরিয়ান আহমেদ সাগর বলেন, রেল যোগাযোগ না থাকায় শরীয়তপুর এখনো অবহেলিত জেলার মতো পিছিয়ে আছে। তিনি আশা প্রকাশ করে বলেন, শরীয়তপুর-৩ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ মিয়া নুরুদ্দিন অপু বিষয়টি জাতীয় সংসদে তুলে ধরে রেল সংযোগ বাস্তবায়নে কার্যকর ভূমিকা রাখবেন। 

সরকারের প্রতি দ্রুত ঢাকা–শরীয়তপুর–বরিশাল রেল সংযোগ স্থাপনের দাবি জানিয়ে তিনি বলেন, এ দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা রাজপথে থেকে আন্দোলন চালিয়ে যাবেন।