পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির বলেছেন, ‘‘জনগণই পুলিশকে আইনি ক্ষমতা দিয়েছে। জনগণের টাকায় পুলিশের বেতন হয়, সুতরাং পুলিশের কাজ হবে দেশের শান্তি, নিরাপত্তা ও উন্নয়নের জন্য।’’
শনিবার (২৩ মে) বিকেলে বগুড়ার আদমদীঘি থানার নবনির্মিত ভবন উদ্বোধনের পর কমিউনিটি পুলিশিং ও বিট পুলিশিং এবং এক সুধী সমাবেশে আইজিপি এ সব কথা বলেন। সুধী সমাবেশে মুখ্য আলোচক ছিলেন বগুড়া-৩ (আদমদীঘি-দুপচাঁচিয়া) আসনের সংসদ সদস্য আব্দুল মহিত তালুকদার।
পুলিশ প্রধান বলেন, ‘‘কে কীভাবে পুলিশে এসেছে, তা দেখার দরকার নেই। দেশের শান্তিপ্রিয় মানুষকে নিরাপত্তা দেওয়া আমাদের মূল লক্ষ্য হওয়া উচিৎ। নিজেদের স্বার্থে সব সময় পুলিশকে অপবাদও দেওয়া যাবে না। গণতান্ত্রিক রাষ্ট্র গঠনে জনগণের শৃঙ্খলা একান্ত দরকার।’’
আইজিপি বলেন, ‘‘সরকারের পরিকল্পনা মতো আইনশৃঙ্খলার উন্নয়ন না হলে দেশে বিনিযোগ আসবে না। শিল্পকারখানার উন্নতি হবে না। ফলে বেকারত্ব বাড়বে। সেই লক্ষ্যে পুলিশ সুষ্ঠু-সুন্দর নিরাপদ পরিবেশ তৈরির জন্য কাজ করে যাচ্ছে। এ জন্য আমরা জনগণের সহযোগিতা চাই।’’
তিনি আরো বলেন, ‘‘অফিসিয়ালি বগুড়া থেকে কমিউনিটি পুলিশিং সমাবেশ করা হলো। এটা আমরা দেশের গ্রামেগঞ্জে ছড়িয়ে দেব। এর মাধ্যমে পুলিশ এবং জনতা সবাই মিলে নিরাপদ বাংলাদেশ গড়ব।’’
বগুড়া পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদের সভাপতিত্বে সুধী সমাবেশে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকা এপিবিএন হেডকোয়ার্টার্সের ডিআইজি (প্রশাসন) সাজ্জাদুর রহমান, রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান, আরএমপির পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির, আদমদীঘির থানার কমিউনিটি পুলিশিং ও বিটপুলিশিংয়ের আহ্বায়ক আবু মোতালেব, সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা প্রমুখ।