বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদের নির্বাচনের চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন।
নির্বাচন করেই বোর্ডের পরিচালক হতে হবে বিসিবির বর্তমান সভাপতি তামিম ইকবালকে। ক্লাব ক্যাটাগরিতে ১২ পরিচালক নির্বাচিত হবে। এই ক্যাটাগরি থেকে ১৮ জনের মনোনয়ন বৈধ হয়েছে। ফলে ভোট যুদ্ধে জয়ী হয়েই তামিমকে আসতে হচ্ছে।
এছাড়া সাবেক অধিনায়ক মিনহাজুল আবেদীন নান্নুকেও নির্বাচনের ময়দানে নামতে হচ্ছে। চট্টগ্রাম বিভাগে জাতীয় দলের সাবেক অধিনায়ক মিনহাজুল আবেদীন ও লক্ষ্মীপুরের মঈন উদ্দিন চৌধুরীর সঙ্গে নির্বাচনে আছেন ফেনীর শরীফুল ইসলাম। তিন প্রার্থীর মনোনয়ন বৈধ হয়েছে। কিন্তু চট্টগ্রাম বিভাগ থেকে দুজন পরিচালক নির্বাচিত হবেন। ফলে নান্নুকেও নামতে যাচ্ছে ভোট যুদ্ধে।
নির্বাচন কমিশন যে তালিকা প্রকাশ করেছে তাতে দেখা যাচ্ছে চারজন প্রার্থী বিনা প্রতিদ্বন্দিতায় বিসিবির পরিচালক হতে যাচ্ছেন। তারা হলেন, ঢাকা বিভাগের দুই পরিচালক ঢাকা বিভাগীয় ক্রীড়া সংস্থার সাইদ বিন জামান ও জামালপুর জেলা ক্রীড়া সংস্থার আব্দুল্লাহ আল ফুয়াদ, সিলেট বিভাগের সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার আব্দুল আইয়ুব চৌধুরী, রাজশাহী ও রংপুর বিভাগের যথাক্রমে মীর শাকরুল সীমান্ত ও মির্জা ফয়সাল আমীন। চট্টগ্রাম বিভাগের সঙ্গে নির্বাচন হবে খুলনা ও বরিশাল বিভাগে।
ক্যাটাগরি ২ ক্লাব প্রতিনিধিদের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে তেমনটাই বোঝা যাচ্ছে। ঢাকার মেট্টোপলিটনের ৭৬টি ক্লাব থেকে ১২ জন পরিচালক নির্বাচিত হবেন। এই ক্যাটাগরি থেকে ১৮ জনের মনোনয়ন বৈধ হয়েছে। তারা হলেন, আবাহনীর ফাহিম সিনহা, মোহামেডানের মাসুদুজ্জামান, লিজেন্ডস অব রূপগঞ্জের লুৎফুর রহমান, শাইনপুকুর ক্রিকেট ক্লাবের আসিফ রাব্বানী, উত্তরা ক্রিকেট ক্লাবের ফৈয়াজুর রহমান, ধানমন্ডি ক্লাবের ইয়াসির মোহাম্মদ ফয়সাল, ওল্ড ডিওএইচএস স্পোর্টস ক্লাবের তামিম ইকবাল, ট্রাই স্টেট ক্রিকেটার্সের আমজাদ হোসেন, আজাদ স্পোর্টিং ক্লাবের মির্জা ইয়াসির আব্বাস, এক্সিউম ক্রিকেটার্সের ইসরাফিল খসরু, ইন্দিরা রোড ক্রীড়া চক্রের রফিকুল ইসলাম, ঢাকা ওয়ান্ডারার্সের সরকার মাহবুব আহমেদ শামীম, ঢাকা মেরিনার ইয়াংয়ের শানিয়ান তানিম, ফেয়ার ফাইটার্সের সাঈদ ইব্রাহিম আহমেদ, তেঁজগাও ক্রিকেট একাডেমির বোরহানুল হোসেন, পূর্বাচল স্পোর্টিং ক্লাবের সাকিফ আহমেদ, কাঁঠালবাগান গ্রীন ক্রিসেন্ট ক্লাবের মেজর ইমরোজ আহমেদ ও ওল্ড ঢাকা ক্রিকেটার্সের মাহমুদ উর রহমান।
ক্যাটাগরি–৩–এ সাবেক ক্রিকেটার ও বিভিন্ন সংস্থার কাউন্সিলরদের মধ্য থেকে একজন পরিচালক নির্বাচিত হবেন। এখানে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কাউন্সিলর সিরাজউদ্দীন মোহাম্মদ আলমগীর বিসিবি পরিচালক নির্বাচিত হতে যাচ্ছেন।
আগামী ৭ জুন হবে ক্রিকেট বোর্ডের নির্বাচন। বিসিবিতে প্রথমে কাউন্সিলরদের ভোটে নির্বাচিত হয়ে ২৩ পরিচালক বোর্ডে আসবেন। ২ জন সরাসরি জাতীয় ক্রীড়া পরিষদ থেকে মনোনিত হবেন। এই ২৫ বোর্ড পরিচালক নিজেরা ভোট দিয়ে নির্বাচন করবেন বিসিবির পরবর্তী সভাপতি।