বগুড়ায় ৩০০ পিস ইয়াবাসহ এক পুলিশ সদস্যসহ দুজনকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। শনিবার (২৩ মে) সকালে বগুড়া শহরের তিনমাথা রেলগেট এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- জয়পুরহাট জেলা পুলিশের সদস্য সাইদুর রহমান (৩২) ও চাকরিচ্যুত পুলিশ সদস্য আব্দুল ওয়াহাব (৪০)।
পুলিশ সূত্রে জানা গেছে, সাইদুর রহমান গত প্রায় দুই মাস ধরে কর্মস্থলে অনুপস্থিত ছিলেন। এ সময় তিনি বগুড়ায় ভাড়া বাসা নিয়ে মাদক কারবারে জড়িয়ে পড়েন বলে অভিযোগ রয়েছে।
বগুড়া জেলা ডিবি পুলিশের ইনচার্জ ইকবাল বাহার বলেন, “গোপন তথ্যের ভিত্তিতে ডিবির একটি দল ক্রেতা সেজে তিনমাথা রেলগেট এলাকায় অবস্থান নেয়। পরে ইয়াবা বিক্রির সময় দুজনকে হাতেনাতে আটক করে। এ সময় তাদের কাছ থেকে ৩০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। আটক দুজনের বিরুদ্ধে বগুড়া সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।”