মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ওয়াশিংটন ও তেহরান একটি চুক্তি চূড়ান্ত করার ‘অনেক কাছাকাছি চলে এসেছে।’ শনিবার (২৩ মে) সিবিএস নিউজকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ কথা বলেছেন।
ট্রাম্প বলেছেন, “প্রতিদিন পরিস্থিতি আরো ভালো হচ্ছে।”
প্রেসিডেন্ট জানান, এই সম্ভাব্য চুক্তির আওতায় ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণের বিষয়টি ‘সন্তোষজনকভাবে সমাধান করা হবে।’ অবশ্য তিনি এ বিষয়ে বিস্তারিত কিছু জানাননি।
ট্রাম্প বলেছেন, “আমি কেবল সেই চুক্তিতেই স্বাক্ষর করব, যেখানে আমরা আমাদের কাঙ্ক্ষিত সবকিছু পাব।”
প্রসঙ্গত, চুক্তির ব্যাপারে যুক্তরাষ্ট্রের ইতিবাচক সাড়া পাওয়ার পরে শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে আলোচনার জন্য ইরান সফরে গেছেন পাকিস্তানের সামরিক বাহিনীর প্রধান ফিল্ড মার্শাল আসিফ মুনির। তিনি ইতিমধ্যে দেশটির প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক করেছেন। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও শনিবার দিল্লিতে সাংবাদিকদের বলেছেন, ইরানের সঙ্গে চুক্তি খুব দ্রুত হতে পারে।