পবিত্র ঈদুল আজহা উদযাপন উপলক্ষে এবারও ঘরমুখো মানুষের ঢাকা-আরিচা এবং নবীনগর-চন্দ্রা মহাসড়কে ভোগান্তির শঙ্কা রয়েছে। মহাসড়কে যত্রতত্র গাড়ি থামিয়ে যাত্রী উঠা-নামা করানো, ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল, ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের চলমান নির্মাণকাজ এবং সড়কের কিছু স্থানে ইউর্টানে অনিয়ন্ত্রিত যানবাহন চলাচলের কারণে এ ভোগান্তির শঙ্কা করছেন পরিবহন সংশ্লিষ্ট ব্যক্তি ও মহাসড়কে চলাচলকারীরা।
আজ রবিবার (২৪ মে) ঢাকা-আরিচা মহাসড়ক ও নবীনগর থেকে চন্দ্রা মহাসড়কের বেশ কয়েকটি স্থান ঘুরে দেখা যায়, ঢাকা-আরিচা মহাসড়কের হেমায়েতপুর বাসস্ট্যান্ড, বলিয়ারপুর বাসস্ট্যান্ড, সাভারের পাকিজা পয়েন্ট, থানা স্ট্যান্ড, সাভার বাজার বাসস্ট্যান্ড, নবীনগর বাসস্ট্যান্ড এবং নবীনগর থেকে চন্দ্রা মহাসড়কের বাইপাইল, পল্লী বিদ্যুৎ ও বলিভদ্র বাসস্ট্যান্ড এলাকায় বেপরোয়াভাবে নিষিদ্ধ ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল করছে।
সাভার, নবীনগর, রেডিও কলোনি ও বাইপাইল বাসস্ট্যান্ডে যাত্রীপরিবহন বাসগুলোকে মহাসড়কের নিরবচ্ছিন্নভাবে চলাচলের লেনে আড়াআড়ি করে পেছনের বাসকে আটকে দিয়ে যাত্রী উঠানামা করাতে দেখা যায়। বাসস্ট্যান্ডের নির্দিষ্ট স্থান ছাড়াও এলোমেলোভাবে যত্রতত্র বাস থামিয়ে যাত্রী উঠানামা করাতে দেখা যায়।
দুপুরের দিকে নবীনগর বাসস্ট্যান্ডে দেখা যায়, বাসস্ট্যান্ড সংলগ্ন সেনা শপিং কমপ্লেক্সের সামনে নিরবচ্ছিন্নভাবে চলাচলের লেন থেকে সার্ভিস লেনে যাওয়ায় অংশের ঠিক সামনে বাস থামিয়ে যাত্রী উঠা-নামা করাচ্ছেন বাসের চালক। এছাড়া সাভারে বাসস্ট্যান্ডের আগে ঢাকা থেকে আরিচামুখী অংশে সার্ভিস লেন শুরুর ঠিক আগে বাস থামিয়ে যাত্রী উঠানামা করানো হচ্ছে। কাছাকাছি দূরত্বে পাকিজা এলাকায় ইউটার্নে ব্যাটারিচালিত অটোরিকশা বেপরোয়াভাবে মহাসড়কের একপাশ থেকে অপর পাশে চলাচল করায় কিছু সময়ের জন্য আটকে থাকছে মহাসড়কের উভয়মুখী গাড়িগুলো।
আশুলিয়ার বাইপাইল বাসস্ট্যান্ডেও একই চিত্র দেখা যায়। বাইপাইল বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের চলমান নির্মাণকাজের কারণে কিছু অংশে সড়কের পিচঢালা আস্তরণ উঠে গিয়ে ছোট আকৃতির গর্ত তৈরি হয়েছে। ইট দিয়ে কিছু অংশ মেরামত করা হয়েছে।
ঢাকা থেকে রংপুরগামী আসাদ পরিবহনের চালক শামীম বলেন, এখন সড়কে সমস্যা তেমন নেই। ঈদের আগে সমস্যা হবে। সড়কে পুলিশ ঠিকঠাক দায়িত্ব পালন করলে সমস্যা কম হবে।
সাভারের পাকিজা এলাকার বাসিন্দা নাজমুল আলম বলেন, রেডিও কলোনি, পাকিজা, হেমায়েতপুর, বাইপাইলে সবসময়ই যানজট হয়। গাড়ির চালক আর অটো রিকশাওয়ালারা এই যানজট তৈরি করে। ট্রাফিক পুলিশকে এ ব্যাপারে পদক্ষেপ নিতে হবে।
ঢাকা জেলা (উত্তর) ট্রাফিক পুলিশের পরিদর্শক (প্রশাসন) রুহুল আমিন সোহেল বলেন, মহাসড়কে ঈদযাত্রা নির্বিঘ্ন করতে আগামীকাল সোমবার (২৫ মে) সকাল ৮টা থেকে নিয়মিত ট্রাফিক পুলিশের পাশাপাশি ঢাকা জেলা পুলিশের অতিরিক্ত আরো ৬৫০ জন পুলিশ সদস্য মোতায়েন থাকবে।