জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নড়াইল জেলার ১১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। কমিটির আহ্বায়ক হয়েছেন কৃষিবিদ মুন্সী জাহিদুল ইসলাম এবং সদস্য সচিব ইঞ্জিনিয়ার মাহমুদা সুলতানা রিমি।
রবিবার (২৪ মে) দলের সদস্য সচিব আখতার হোসেন ও মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানা গেছে।
জেলা আহ্বায়ক কমিটির অন্যরা হলেন, সিনিয়র যুগ্ম-আহ্বায়ক এস এম সাইফুজ্জামান, যুগ-আহ্বায়ক ইয়াসিন আরাফাত, সিনিয়র যুগ্ম সদস্য সচিব শাহজাহান খান সাজু, যুগ্ম সদস্য সচিব রফিকুল ইসলাম পিকুল ও লাকি হুসাইন, সাংগঠনিক সম্পাদক এস এম ইরফানুল বারী (উজ্জ্বল), সহ-সাংগঠনিক সম্পাদক কাজী ইজাজুর রহমান বাবু, জুলাই গণঅভ্যুত্থান ও মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা খান জাহান ও মোহাম্মদ শফিকুল ইসলাম।
কৃষিবিদ মুন্সী জাহিদুল ইসলাম সোমবার (২৫ মে) বিকালে বলেন, কেন্দ্রের নির্দেশনা মোতাবেক দলকে সংঘটিত করার জন্য নিরলসভাবে কাজ করবেন। কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী ১৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি করে দপ্তরে জমা দেবেন বলে জানান তিনি।